রাজশাহীর গোদাগাড়ী থানার ভেতরে আওয়ামী লীগের নেতাকে মারধরের অভিযোগে গতকাল শনিবার পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল বিকেলে এ আদেশ গোদাগাড়ী থানায় পৌঁছায়।
প্রত্যাহার হওয়া পুলিশের তিন সদস্য হলেন, গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আহসানুল হক, এএসআই শাহিন আলী ও কনস্টেবল সোহেল রানা। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের হামলার শিকার হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মালেক (৪৮)। দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংস্কারে স্থানীয় লোকজন অনিয়মের অভিযোগ তোলেন। অভিযোগকারীদের শায়েস্তা করতে ঠিকাদার পুলিশকে কাজে লাগান। ঠিকাদারের কথামতো গত শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার পুলিশ শহিদুল ইসলাম নামের যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে ছাড়িয়ে নিতে থানায় যান আওয়ামী লীগের নেতা আবদুল মালেক। তাঁর কথায় পুলিশ শহিদুলকে ছেড়ে দেয়। তবে থানা থেকে বের হওয়ার সময় মালেকের সঙ্গে থাকা সুলতানুল বাবু নামে ছাত্রলীগের আরেক নেতাকে আটক করে পুলিশ। এতে বাধা দেন আবদুল মালেক। এ সময় পুলিশের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে এসআই আহসানুল হক, এএসআই শাহিন আলী ও কনস্টেবল সোহেল রানা আবদুল মালেককে মারধর করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, এ ঘটনা জানাজানি হলে পুলিশের ওই তিন সদস্যের শাস্তির দাবিতে গত শুক্রবার রাতে লাঠিসোঁটা নিয়ে দলীয় নেতা-কর্মীরা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ওসি সেখানে যান। এরপর গাড়ি থেকে ওসি নামলেই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পিকআপকে ধাওয়া করেন। এ সময় ওসিকে ফেলে রেখেই পিকআপটি থানার দিকে টান দেয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ওসির ওপর চড়াও হন। ওসিকে রক্ষায় তাঁর দেহরক্ষী আমিনুল ইসলাম এগিয়ে গেলে তাঁকে মারধর করেন বিক্ষোভকারীরা।
এর প্রায় এক ঘণ্টা পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুঠোফোনে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত করেন। এরপর মুক্তি পান অবরুদ্ধ ওসি।
আবদুল মালেক বলেন, তিন পুলিশের প্রত্যাহারের বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনার সঙ্গে পুলিশের আরও সদস্য জড়িত রয়েছে। তাঁদের সবাইকে তিনি চেনেন না। তদন্ত করলে বেরিয়ে আসবে।