পুলিশের দাবি বন্ধুর হাতে খুন হয়েছেন কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজকুনিপাড়ায় মেসে কামরান ওরফে মুন্না (১৮) খুন হয়েছেন বন্ধুর হাতে। পুলিশ বলেছে, এই হত্যার ঘটনায় গ্রেপ্তার করা মাইনউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তারা এ তথ্য পেয়েছে। গতকাল শুক্রবার মাইনউদ্দিনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে তেজগাঁও থানার পুলিশ।
বৃহস্পতিবার কামরানকে শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় তাঁর রুমমেট ও বন্ধু মাইনউদ্দিনকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর মাইনউদ্দিন হত্যায় জড়িত থাকার কথা বলেন। বৃহস্পতিবার রাতে কামরানের বাবা আবদুল বারেক বাদী হয়ে মাইনউদ্দিনকে একমাত্র আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন।
গতকাল সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক দিদার হোসেন গ্রেপ্তার হওয়া মাইনউদ্দিনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠান। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে মাইনুল বলেছেন, কামরান প্রতি রাতে বাতি জ্বালিয়ে পড়াশোনা করায় তাঁর ঘুমে বিঘ্ন ঘটত। তিনি কয়েকবার এ কথা কামরানকে বলেছিলেন। কিন্তু কামরান তাঁর কথা শোনেননি। বৃহস্পতিবার সকালে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ইট দিয়ে কামরানের মাথায় আঘাত করলে তিনি প্রায় নিস্তেজ হয়ে পড়েন। এরপর কামরানের গলায় গামছা পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তিনি বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে তেজকুনিপাড়ায় আত্মগোপন করে ছিলেন।
কামরান ও মাইনউদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়।