চট্টগ্রামে দুই সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুই মামলা অস্ত্রসহ গ্রেপ্তার তিনজন
পুলিশের দায়িত্ব পালাবদলের সুযোগে ডাকাতি করে ওরা
সাধারণত রাত আটটা ও সকাল আটটার দিকে থানা ও টহল পুলিশের দায়িত্ব পালাবদল (শিফট) হয়। আর এই সময়টাই বেছে নিয়ে গত শনিবার রাতে চট্টগ্রাম নগরের দুটি সোনার দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের নেতা ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এই তথ্য দিয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাহাড়তলী এলাকা থেকে ইমতিয়াজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ইমতিয়াজের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, কুমিল্লাসহ সারা দেশে ১২০ থেকে ১৫০টি ডাকাতি করেছে তাঁর দল। এক মাস আগে মাগুরায় একটি ডাকাতি মামলায় ইমতিয়াজ জামিনে মুক্ত হন। পরিবার নিয়ে থাকেন খুলশী ফয়’স লেক এলাকায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ বলেন, শনিবারের ডাকাতির প্রস্তুতির জন্য তিনি কয়েক দিন আগে ওই দুটি দোকানের একটি থেকে কানফুল কেনেন। তখন পুরো এলাকা পর্যবেক্ষণ করে নেন। দোকানের সামনে ও আশপাশে সিসি ক্যামেরা আছে কি না লক্ষ করেন।
ইমতিয়াজ বলেন, পরিকল্পনামতো ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে আসেন হাছান ও মনির। এর মধ্যে মনির হাতবোমা তৈরি করেন। ডাকাতিতে তাঁরা ১০ জন অংশ নেন। তাঁদের বাড়ি খুলনা, বাগেরহাট, পাথরঘাটা বরগুনা, নারায়ণগঞ্জ ও পিরোজপুরে। চট্টগ্রামেও কয়েকজন সহযোগী রয়েছেন।
ইমতিয়াজ বলেন, তাঁরা দিনেও ডাকাতি করেন। ডাকাতির মালামালের কিছু টাকা জামিন ও মামলা পরিচালনার জন্য রেখে দেন। যাতে কেউ গ্রেপ্তার হলে সহজে জামিন নিতে পারেন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে কোতোয়ালি থানা থেকে ৩০০ গজ দূরে জিপিওর সামনে অপরূপা ও গিনি গোল্ড জুয়েলার্স নামের দুটি সোনার দোকানে ডাকাতি হয়। ডাকাতি শেষে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এতে নয়জন আহত হন।
আহতদের মধ্যে মোহাম্মদ সৈয়দ নামের এক হকার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ইমতিয়াজসহ তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ইমতিয়াজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনায় রাতেই গিনি গোল্ড জুয়েলার্সের মালিক রুপন কান্তি ধর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পাহাড়তলী থানার এসআই ফজলুল হক করেন অস্ত্র আইনে আরেকটি মামলা। এজাহারে বাদী দুটি দোকান থেকে সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করেছেন।
অস্ত্র আইনের মামলায় ইমতিয়াজকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল বিকেলে আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণে ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, ‘সবকিছু মাথায় রেখে ডাকাতি করি, যাতে সহজে ধরা না পড়ি। রাত আটটায় পুলিশের দায়িত্ব রদবদল হয়, তাই এই সময়টা বেছে নিই।’ তিনি বলেন, ‘দিনের বেলায় বাসায় কেউ থাকে না, তাই দিনেও বাসাবাড়িতে ডাকতি করি। স্বর্ণের দোকানে ডাকাতি করলে লস হয় না।’
দুই দোকানে ডাকাতির পর আতঙ্কে রয়েছেন অন্য মালিকেরা। গতকাল ওই দুটি দোকানসহ আশপাশের সব দোকান বন্ধ ছিল। প্রমিজ জুয়েলার্সের মালিক আশিষ নাথ বলেন, ‘থানার কাছেই বোমা ফাটিয়ে দোকান লুট করছে ডাকাত দল। আমরা কীভাবে দোকান খোলা রাখি?’
বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী বলেন, পুলিশ ডাকাত দলকে গ্রেপ্তার ও লুট হওয়া সোনা উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।