পুলিশের দুই কর্মকর্তা আহত, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে জুয়াড়িদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল চারটার দিকে পুলিশের একদল সদস্য পৌরসভার কমলপুর এলাকায় জুয়ার আসরে অভিযান চালান। একপর্যায়ে সেখান থেকে উৎপল নামের এক জুয়াড়িকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় তাকে ছিনিয়ে নিতে আসরের অন্যান্য জুয়াড়ি ও তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার উপরিদর্শক (এসআই) মো. সহিজল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন চন্দ্র বর্মণ আহত হন। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশের ওপর হামলা, কাজে বাধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এএসআই মিলন চন্দ্র বর্মণ বাদী হয়ে ওই দিনই মামলাটি করেন। পুলিশ রাতেই আসামি উৎপল, জুটন ও আনোয়ার হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।