পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এক ব্রিটিশ নাগরিককে হয়রানির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত রোববার সকালে ফতুল্লা থানা থেকে তাঁদের প্রত্যাহার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) নূর আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মনোয়ার হোসেন।
জানা গেছে, গত শনিবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সাইনবোর্ড এলাকায় তল্লাশিচৌকির দায়িত্বে ছিলেন এসআই নূর আলম ও এএসআই মনোয়ার হোসেন। তাঁরা দুজন ওই দিন বিকেলে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে (দ্বৈত নাগরিক) তল্লাশিচৌকিতে আটকে রাখেন। বিষয়টি ওই ব্রিটিশ নাগরিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন গতকাল সোমবার দুপুরে বলেন, নূর আলম ও মনোয়ার হোসেন ওই ব্রিটিশ নাগরিককে তল্লাশিচৌকিতে অনেকক্ষণ বসিয়ে রাখেন এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ অভিযোগে তাঁদের দুজনকে প্রত্যাহার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ বলেন, হয়রানির অভিযোগে পুলিশ লাইনসে ওই দুই কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।