পুলিশের দুই কর্মকর্তাসহ আহত ৪, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ সাইফুল ইসলাম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই পুলিশ কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১১ জুন রাতে উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার খাজা মঈনউদ্দিনের বাড়িতে ডাকাতি হয়। তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের ছোট ভাই। পরে এলাকার চিহ্নিত ডাকাত ও ডাকাত দলের সর্দার মো. সাইফুল ইসলামকে ঢাকার পল্লবী থানার কালশী থেকে গত বুধবার রাতে আটক করে বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় আনে পুলিশ। এরপর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকসেদ আলীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহমান, উপপরিদর্শক (এসআই) মো. আক্কেল আলী, মো. আশরাফুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম মণ্ডল এবং পুলিশ সদস্য মিজানুর রহমান ও শাহাদত আলী বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সাইফুলকে সঙ্গে নিয়ে উপজেলার কাহিজাল ইউনিয়নের আদমপুর গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালান। ওই সময় তাঁর বাড়িতে তালা দেওয়া ছিল। তালা খুলে বাড়ি তল্লাশি করে বিছানার নিচ থেকে নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। ফেরার পথে বেতদীঘি ইউনিয়নের জাঙ্গালের সেতু এলাকায় সাইফুলের প্রায় ১৫ জন সহযোগী পুলিশের গাড়ি ঘিরে ফেলেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। পরে তাঁরা সাইফুলকে ছিনিয়ে নিয়ে পালানোর সময় ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এ সময় পুলিশের একটি গুলি সাইফুলের ডান পায়ে লাগে। এতে তিনি মাটিতে পড়ে যান। অবস্থা বেগতিক দেখে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। এ সময় এসআই আক্কেল আলী, এএসআই শামীম ও পুলিশ সদস্য মিজানুর রহমান আহত হন। সাইফুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুলিশ সদস্যদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুর রহমান বলেন, সাইফুল আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর নামে ফুলবাড়ীসহ বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও অন্যান্য জেলায় মোট ৮১টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ফুলবাড়ীসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অনেক ছিনতাই মামলা রয়েছে।