চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। গত শনিবার রাতে খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এবং অস্ত্র লুট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়েছে। মামলার পর ওই রাতেই জাহেদ ইকবালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বাকি তিনজন হচ্ছেন আসিফ ইকবাল, মো. আসলাম ও রাশেদুল আলম।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম ইমরান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে অটোরিকশাচালক ও সাধারণ মানুষকে প্ররোচনা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা উচিত হয়নি। পুলিশের ওপর হামলা হয়েছে, অস্ত্র লুট হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ওই ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে গতকাল উপজেলার বড়তাকিয়া-আবু তোরাব বাজার সড়কে অটোরিকশা চলাচল করেনি বললেই চলে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
গত শনিবার বিকেলে অটোরিকশা চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ করেন চালকেরা। এ সময় কয়েক দফায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।