পুলিশের দুই সদস্য সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন ও কনস্টেবল মুরাদ হোসেন।
পুলিশ সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য গোপন রেখে আটককৃত গাঁজা আত্মসাৎ চেষ্টার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান গত বৃহস্পতিবার রাতে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কী কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বলতে পারছি না। কারণ, এখনো আদেশের লিখিত কপি পাইনি।’
পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় থামতে সংকেত দেওয়ার পরও একটি ট্রাক সামনের দিকে এগিয়ে যায়। পুলিশও ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে ট্রাকটি আটক করে। ওই ট্রাকে ২০০ কেজি গাঁজা ছিল। পরে ট্রাকটি থানায় না নিয়ে ভৈরবের বাবুল কমিউনিটি সেন্টারের কাছে রাখা হয়।
ওই অভিযানে নেতৃত্ব দেন এসআই জুলহাস উদ্দিন। নিয়ম অনুযায়ী, তথ্যটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর কথা থাকলেও এসআই জুলহাস তা করেননি। খবর পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) মৃত্যুঞ্জয় দে বাজিতপুর থেকে ভৈরবে এসে রাত পৌনে একটার দিকে ট্রাকসহ গাঁজা ও দুজনকে আটক করে থানায় নেন।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যের কাজে অস্বচ্ছতার প্রমাণ পাওয়ায় জেলা পুলিশ-প্রশাসন ওই শাস্তিমূলক ব্যবস্থা নেন।
সাময়িক বরখাস্ত হওয়ার কথা স্বীকার করে কনস্টেবল মুরাদ হোসেন বলেন, ‘অভিযানে আমার ঊর্ধ্বতন ছিলেন এসআই জুলহাস। তিনি আমাকে যেভাবে বলেছেন, আমি ঠিক সে রকম দায়িত্ব পালন করেছি।’
এসআই জুলহাস উদ্দিনও সাময়িক বরখাস্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, গাঁজা আটকের পর সহকারী পুলিশ সুপারকে (বাজিতপুর সার্কেল) তিনি বিষয়টি জানাননি। তবে তাঁদের দুজনের কারোরই গাঁজা আত্মসাতের পরিকল্পনা ছিল না বলে তিনি দাবি করেন।