পুলিশের দুর্নীতির মামলায় দুদকের চূড়ান্ত প্রতিবেদন!
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক আবদুর রব ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৩১ জুলাই চট্টগ্রাম আদালতে প্রতিবেদনটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। ১৮ আগস্ট চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
ট্রাফিক পরিদর্শক আবদুর রব ও তাঁর স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ৯১ লাখ ২০ হাজার ৫৯৫ টাকার সম্পদ গোপন এবং এক কোটি ৭২ লাখ ১৩ হাজার ৪৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করলেও তদন্তে তার প্রমাণ পাননি সংশ্লিষ্ট কর্মকর্তা। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভুল তথ্যের ওপর নির্ভর করে মামলাটি করা হয়েছিল।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী গত রোববার রাতে প্রথম আলোকে বলেন, ‘দুদক প্রথমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে মামলা দায়ের করে থাকে। এ ক্ষেত্রে তদন্ত শেষে কোনো মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুযোগ কম।’ তিনি বলেন, এ চূড়ান্ত প্রতিবেদনে রাষ্ট্রপক্ষ থেকে নারাজি দিয়ে পুনঃতদন্তের আবেদন করা হবে।
এ ব্যাপারে দুদকের আইনজীবী মাহমুদুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।
মামলার নথিতে দেখা গেছে, আবদুর রব ও তাঁর স্ত্রী শাহীন আক্তার ২০০৮ সালের ১২ মার্চ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তাঁদের নামে ৯৭ লাখ ৬৭ হাজার ৯২৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেছেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তাঁদের এক কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৫১৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তাঁদের আয়কর নথি পর্যালোচনায় উভয়ের পারিবারিক ব্যয় পাওয়া যায় ১২ লাখ ৩৬ হাজার ৯০৪ টাকা। পারিবারিক ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় দুই কোটি এক লাখ ২৫ হাজার ৪২৩ টাকা। তাঁদের বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ২৯ লাখ ১১ হাজার ৯২৬ টাকা। অভিযুক্তরা নগরের পূর্ব নাসিরাবাদ জাকির হোসেন রোড বাই লেইন শান্তিধারা আবাসিক এলাকায় পাঁচতলা বাড়ির নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৬০ লাখ ৫২ হাজার ২০০ টাকা। অনুসন্ধানে এসব তথ্য পাওয়ার পর দুদক চট্টগ্রামের তৎকালীন উপসহকারী পরিচালক ছাইফুল্লাহ মো. এমরান বাদী হয়ে ডবলমুরিং থানায় ২০১১ সালের ২১ সেপ্টেম্বর আবদুর রব ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত আছেন ওই মামলার বাদী ছাইফুল্লাহ মো. এমরান। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর মামলাটি দায়ের করা হয়েছিল। এখন কী হয়েছে আমি জানি না।’ চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
চূড়ান্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, দুদকের নিয়োজিত একজন নিরপেক্ষ প্রকৌশলী বাড়িটি পরিমাপ করে নির্মাণ ব্যয় নির্ধারণ করেছেন ৯৮ লাখ ৩৯ হাজার ৭৮৬ টাকা। এতে বাড়িটি নির্মাণ খরচেই ব্যবধান পাওয়া যায় ৩৭ লাখ ৮৭ হাজার ৫৮৬ টাকা। শুধু এই ব্যবধান ছাড়া তদন্তে অভিযুক্তদের স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে সামঞ্জস্য পাওয়া গেছে। তা ছাড়া সম্পদ বিবরণী অনুযায়ী তাঁদের সব সম্পদ আয়ের বৈধ উৎসও পাওয়া যায়।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, বাড়িটি ২০০১ ও ২০০২ সালে নির্মাণ করা হয়েছে। নিজ তত্ত্বাবধানে নির্মাণ ব্যয় ও বিশারদ কর্তৃক নির্মাণ ব্যয়ের মধ্যে পার্থক্য থাকাটা স্বাভাবিক। তাই কেবল বিশারদ কর্তৃক মূল্য নির্ধারণের ওপর মামলাটি প্রমাণ করা সম্ভব নয়।
তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসংক্রান্ত ভুল তথ্যের ওপর নির্ভর করে মামলা করায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য দুদকের প্রধান কার্যালয়ে সুপারিশ করেছিলেন তদন্ত কর্মকর্তা। গত ১৫ জুন স্মারক নম্বর ১৭৯৭৪ মূলে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেওয়া হয়। চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে তদন্ত কর্মকর্তা ট্রাফিক পরিদর্শক আবদুর রব ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতিরও আবেদন করেন।
এ ব্যাপারে গতকাল দুপুরে দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে আমার মনে পড়ছে না।’