পুলিশের দোষে কারাভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ বছরের যুবক এরশাদ আনোয়ার ওরফে মুরাদ। তাঁর বিরুদ্ধে পুলিশের খাতায় কোনো মামলা নেই। চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় রেডিও, টিভি মেরামতের দোকান রয়েছে তাঁর। কিন্তু একই এলাকার মুরাদ হোসেনকে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার না করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আর পুলিশের দোষে ২০ দিন বিনা দোষে কারাভোগ করেছেন এরশাদ আনোয়ার। বিষয়টি আদালতের নজরে এলে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে মুক্তির আদেশ দেন।
আদালত প্রাঙ্গণে এরশাদ আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘পুলিশকে আমি অনেক অনুরোধ করেছি। আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার পরও আমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঋণ নিয়ে আমার পরিবার জামিনের দরখাস্ত করেন আদালতে। আমি দোষী পুলিশের বিচার চাই।’
মামলার নথিতে দেখা গেছে, নগরের কোতোয়ালি থানার একটি ডাকাতির মামলায় নগরের খুলশী ওয়্যারলেস কলোনি এলাকার মৃত হাসমত আলীর ছেলে মুরাদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মুরাদ হোসেন ২০১১ সালের ৬ ডিসেম্বর থেকে পরের বছরের ১৮ এপ্রিল পর্যন্ত এই মামলায় কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
এই পরোয়ানায় নগরের খুলশী থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম ওয়্যারলেস কলোনি এলাকায় মুরাদ হোসেনকে গ্রেপ্তার করতে যান। কিন্তু প্রকৃত আসামি মুরাদ হোসেনকে গ্রেপ্তার না করে এরশাদ আনোয়ার ওরফে মুরাদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন গত ৩০ অক্টোবর।
এরশাদ আনোয়ারের আইনজীবী সবুজ তালুকদার প্রথম আলোকে জানান, প্রকৃত আসামি মুরাদ হোসেনকে গ্রেপ্তার না করে এরশাদ আনোয়ারকে গ্রেপ্তার করায় মুক্তির আদেশ চেয়ে আদালতে আবেদন করা হয় সপ্তাহ খানেক আগে।
জানতে চাইলে গতকাল দুপুরে খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তারের পর এরশাদ আনোয়ার ওরফে মুরাদ আমাদের বলেননি তিনি মুরাদ হোসেন নন। নিরপরাধ লোকের সাজা খাটার কারণে আমরাও দুঃখিত।’