পুলিশের ধাওয়া চালক চম্পট, অটোরিকশার ওপরে ট্রাক
ময়মনসিংহের ভালুকায় গতকাল বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পুলিশ একটি ট্রাককে ধাওয়া দিলে চলন্ত ট্রাক থেকে চালক পালিয়ে যান। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই অটোরিকশার ওপর পড়লে চালক লাল মাহমুদ খান (৫৫) নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছিনতাই হওয়া চালবোঝাই একটি ট্রাক এ সড়ক দিয়ে যাবে, এমন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে গতকাল সকালে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হযরত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় তল্লাশি চালায়। সে সময় একটি ট্রাককে সন্দেহ হলে তারা সেটিকে থামতে বলে। কিন্তু ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সড়কের পাশে থাকা ওই অটোরিকশা নিয়ে সেটিকে ধাওয়া করে।
অটোরিকশাটি ট্রাকের কাছাকাছি পৌঁছালে চালক চলন্ত ট্রাক থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি অটোরিকশার ওপর পড়ে। এতে চালক মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। সেই সঙ্গে উপরিদর্শক হযরত আলী, কনস্টেবল আমির হোসেন, জমির উদ্দিন ও আজাদ আহত হন। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক।
মাহমুদের মৃত্যুর খবরে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাঁরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।