পুলিশের ধাওয়ায় কৃষকের মৃত্যু, ছয় লাখ টাকায় রফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে পুলিশের ধাওয়া ও লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ভোলা-ভেদুরিয়া লঞ্চঘাট সড়কে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সকালেই কনস্টেবল আবদুল হান্নান ও মাইনুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিন্তু বিকেলে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতার মধ্যস্থতায় ছয় লাখ টাকায় ঘটনাটি আপসরফা হয় বলে জানা যায়।
নিহত কৃষকের নাম আবু জামাল (৪৫)। তিনি ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের হেতনারহাটের বাসিন্দা।
নিহত ব্যক্তির স্ত্রী জোসনা বেগম ও প্রত্যক্ষদর্শী চার ব্যক্তি বলেন, গতকাল সকাল আটটার দিকে ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ কনস্টেবল আবদুল হান্নান ও মাইনুল ইসলাম অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় আবু জামাল লঞ্চঘাট সড়কের ওপর ধান শুকাচ্ছিলেন। রাস্তায় ধান শুকানো নিয়ে পুলিশের সঙ্গে জামালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জামালকে লাঠি দিয়ে দুটি বাড়ি মারেন কনস্টেবলরা। তাঁকে ধাওয়া করেন কনস্টেবল হান্নান। জামাল দৌড় দিলে পুলিশ তাঁকে লাঠি ছুড়ে মারে। লাঠি মাথায় লেগে জামাল পাশের পুকুরে পড়ে যান।
পরে এলাকাবাসী জাল দিয়ে আবু জামালের লাশ উদ্ধার করেন। এ পর্যায়ে কয়েক শ মানুষ সেখানে জমা হয়ে জামাল হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এলাকাবাসী সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত লঞ্চঘাট সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা কনস্টেবল হান্নান ও মাইনুলকে স্থানীয় একটি ঘরে আটকে রাখেন। পরিস্থিতি সামাল দিতে ভোলা সদর মডেল থানার ওসি মোবাশ্বের আলিসহ বেশ কিছু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কনস্টেবল মাইনুল বলেন, ‘আমি তাঁকে মারিনি। হান্নান লাঠি ছুড়ে মারলে লাঠি পায়ে লেগে জামাল পাশের গাছের সঙ্গে ধাক্কা খান ও পুকুরে পড়ে যান।’
কনস্টেবল হান্নান সাংবাদিকদের বলেন, কৃষক জামালকে ধাওয়া করলে তিনি পুকুরে পড়ে যান। জামালের মৃত্যুর ঘটনায় তাঁর কোনো দোষ নেই।
নিহত ব্যক্তির ভগ্নিপতি আবদুল মোতালেব বলেন, পুলিশ তাঁদের সঙ্গে একটি বৈঠক করে। বৈঠকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুসসহ উপস্থিত ছিলেন। তাঁরা ছয় লাখ টাকায় বিষয়টি মীমাংসা করেন। পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করে।
ভাইস চেয়ারম্যান মো. ইউনুস ওই টাকার জিম্মা নিয়েছেন বলে জানা যায়। ছয় লাখ টাকায় ঘটনার আপসের বিষয়ে মো. ইউনুস কিছু বলেননি। তবে মুঠোফোনে জানতে চাইলে তিনি মীমাংসা হওয়ার কথা নিশ্চিত করেন।