ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকচাপা পড়ে নিহত হয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী। গতকাল সোমবার সকালের এ ঘটনায় নিহত তিনজনই জেলা ট্যাংকলরি মালিক সমিতির নেতা।
তিনজন নিহত হওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তিনটি ট্রাক ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় মহাসড়কে সৃষ্টি হয় যানজট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংকলরি (তেলবাহী ট্রাক) মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম খন্দকার (৪০), সাধারণ সম্পাদক আলী আজম হাজারী (৪৫) ও দপ্তর সম্পাদক মো. শাহজাহান মিয়া (৫৫)। তাঁদের বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ট্যাংকলরি মালিক সমিতির সদস্য আবুল বাশার, নিহত জাহাঙ্গীর ও আজমের পরিবার এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে চড়ে ওই তিনজন জেলা সদর থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশের একটি টহল দল তাঁদের থামার সংকেত দেয়। মোটরসাইকেল না থামালে দাঁড়িয়ে থাকা টহল দলটির একজন সেটি ধাওয়া করেন। একপর্যায়ে তিনি হাতে থাকা লাঠি ছুড়ে মারলে তা মোটরসাইকেলটির চাকায় ঢুকে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে মোটরসাইকেলটি। এ সময় পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তিনজনই। ট্রাকটি রাস্তার পাশে গিয়ে পড়ে। লাশ তিনটি ট্রাকের নিচে চাপা পড়ে ছিল। তখন টহল পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। চার সদস্যের টহল দলের নেতৃত্বে ছিলেন সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান।
তিনজন নিহত হওয়ার পর স্থানীয় কয়েক শ ক্ষুব্ধ লোক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা এ ঘটনার জন্য হাইওয়ে পুলিশকে দায়ী করে নানা স্লোগান দেন এবং এসআই আনিসুজ্জামানের বিচারের দাবি করেন।
দুপুর ১২টার দিকে হাইওয়ে পুলিশের একটি রেকার (উদ্ধারযান) ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে লোকজন এর চালক সাইম মিয়াকে (৩০) পিটিয়ে আহত করেন। ভাঙচুর করা হয় রেকারের কাচ। সাইমকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার আধা ঘণ্টা পর সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় তিনটি ট্রাক ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের ইটের আঘাতে কনস্টেবল অলি মিয়া ও মজিবুর রহমান আহত হন। পরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদের নেতৃত্বে সরাইল, সদর, আশুগঞ্জ থানা-পুলিশ ও র্যা ব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে দুইটার দিকে পরিস্থিতি শান্ত করেন। পরে তিনজনের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই আনিসুজ্জামান মোটরসাইকেলে লাঠি ছোড়ার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটিতে হেলমেট ছাড়া অতিরিক্ত আরোহী থাকায় তাঁদের থামার সংকেত দেওয়া হয়েছিল। মোটরসাইকেলটি গতি কমানোর সঙ্গে সঙ্গে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়।
এম এ মাসুদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।