পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, পিটুনিতে পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে।
নিহত ব্যবসায়ীর নাম আবদুল মতিন (৫০)। তিনি রাইজদিয়া গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। নিহত পুলিশ কনস্টেবলের নাম আরিফুর রহমান (৪৫)। তাঁর বাড়ি মানিকগঞ্জ সদরের সুসন্ধ্যা এলাকায়। বাবার নাম বজলুল খান।
এ ঘটনার তদন্ত করতে গতকাল রাতে সোনারগাঁয়ে আসেন ঢাকা অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব আলম ও নারায়ণগঞ্জে সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার (এসপি) মইনুল হক।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ব্যবসায়ীর পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারের পান-সুপারির দোকানি আবদুল মতিন গতকাল বিকেলে বাড়ির সামনের সড়কের পাশে খড়ের গাদা তৈরি করছিলেন। এ সময় সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান সাদাপোশাকে মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাঁরা ওই ব্যবসায়ীকে মাদক বিক্রেতা আখ্যা দিয়ে আটক করার চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ী সড়কের পাশের খাদের পানিতে ঝাঁপিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশ কনস্টেবল আরিফুর রহমানও পানিতে ঝাঁপিয়ে পড়ে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে দুজনের ধস্তাধস্তিতে ব্যবসায়ী আবদুল মতিন পানিতে তলিয়ে মারা যান। এ ঘটনা দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশ কনস্টেবল আরিফুর রহমানকে আটক করে। পরে এলাকার কয়েক শ মানুষ একত্র হয়ে আরিফুর রহমানকে পিটুনি দিলে তিনি মারা যান। এর আগে সুযোগ বুঝে এএসআই ফখরুল সরে পড়েন।
নিহত আবদুল মতিনের স্ত্রী নুরতাজ বলেন, সাদাপোশাকে পুলিশের দুই সদস্য উৎকোচ আদায়ের জন্য প্রথমে তাঁর স্বামীকে আটকের চেষ্টা করেন। পরে চাহিদামতো টাকা না পেয়ে তাঁর স্বামীকে পানিতে ডুবিয়ে হত্যা করেন।
এএসআই ফখরুল ইসলাম গতকাল রাত সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামে একটি মামলার তদন্ত করে তাঁরা থানায় ফিরছিলেন। পথে পুলিশ দেখে আবদুল মতিন দৌড়ে পালাতে চেষ্টা করেন। একপর্যায়ে আবদুল মতিন সড়কের পাশের খাদের পানিতে পড়ে যান। তাঁকে আটক করার চেষ্টা চালানোর একপর্যায়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। তবে ব্যবসায়ী মতিনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ ও মামলা নেই বলে এএসআই ফখরুল স্বীকার করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক রাত সাড়ে ১১টায় বলেন, দুজনের লাশই থানায় আছে। বৃহস্পতিবার (আজ) ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।