পুলিশের ধারণা আত্মহত্যা, সহপাঠীদের সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী মোহাম্মদ শাহরিয়ার মজুমদারের (২৪) মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে, শাহরিয়ার আত্মহত্যা করেছেন। কিন্তু বিষয়টি রহস্যজনক হওয়ার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। আর শাহরিয়ারের সহপাঠীরা বলছেন, তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাঁদের মনে হয় না।
গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শাহরিয়ারের মরদেহ সিলেট নগরের সুরমা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৫৪ (রেনেসাঁ) নম্বর বাসায় মেসবাড়িতে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। চট্টগ্রাম শহরের এ কে খান মোড়ের কর্নেল হাটে শাহরিয়ারের বাসা। তিন ভাই এক বোনের পরিবারে শাহরিয়ার ছিলেন সবার ছোট।
গতকাল বেলা একটার দিকে শাহরিয়ারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় লাশঘরের পাশেই জড়ো হয়েছিলেন সহপাঠী ও শিক্ষার্থীরা। সেখানে থেমে থেমে চলছিল কান্নার রোল। বেলা দুইটায় ওসমানী মেডিকেল কলেজ জামে মসজিদের সামনে প্রথম জানাজা হয়। জানাজায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ অন্য শিক্ষকেরা অংশ নেন। পরে শাহরিয়ারের বড় ভাই এবং এক চাচার কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়। এ সময় পরিবারের সদস্যরা শাহরিয়ারের মৃত্যু সম্পর্কে সাংবাদিকদের কাছে কোনো কথা বলতে রাজি হননি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্ত, ঘটনাস্থলের আলামতের পরিপ্রেক্ষিতে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় গতকাল সকালে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মৃত্যু নিয়ে রহস্য সম্পর্কে ওসির ভাষ্য, ‘বিষয়টি সিআইডির বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তদন্ত করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার। পাশাপাশি তিনি গণজাগরণ মঞ্চ সিলেটের একজন সক্রিয় কর্মী ছিলেন। মরদেহ যে কক্ষে পাওয়া গেছে, সেখানে তাঁর ব্যবহৃত ল্যাপটপ খোলা ছিল (অন), মুঠোফোন চার্জে লাগানো ছিল। প্রায় চার ফুট উচ্চতার জানালার গ্রিলে গলায় একটি বেল্ট বাঁধা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
গতকাল হাসপাতালে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের শাহরিয়ার সম্পর্কে বলেন, ‘সব ধরনের পজিটিভ কাজে যুক্ত ছিল শাহরিয়ার। গণজাগরণ মঞ্চে সক্রিয় ছিল। আমাদের ইউনিভার্সিটিতে বিশাল একটা আলপনা আঁকা হয়েছিল, সে আলপনা আঁকায় মুখ্য ভূমিকা পালন করেছিল। কাজেই আমাদের মেনে নিতে কষ্ট হয়।’
পুলিশ প্রাথমিকভাবে বলছে এটি আত্মহত্যার ঘটনা—এ ধারণা সম্পর্কে জাফর ইকবাল বলেন, ‘আমি যতজনের সঙ্গে কথা বলেছি, কেউ বলে নাই সে কখনো মন খারাপ করে থাকে। কিংবা তার কোনো বিতৃষ্ণা আছে। কাজেই আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়। এত হাসিখুশি একটা ছেলে কেন এভাবে আত্মহত্যা করবে?’
শাহরিয়ারের সহপাঠী ও পরিচিতজনদের ভাষ্যও একই রকম। তাঁরা বলছেন, শাহরিয়ার আত্মহত্যা করার মতো লোক নন। গতকাল হাসপাতালে শাহরিয়ারের কয়েকজন সহপাঠী জানান, কাউকে উজ্জীবিত করতে শাহরিয়ার প্রায়ই জোর দিয়ে বলতেন, ‘শাহরিয়ার হইতে পারবা না’। সেটা হতো স্থাপত্যসংক্রান্ত কোনো কাজে কিংবা সাংস্কৃতিক কর্মসূচি পালন করার সময় বা বেড়াতে গেলেও।
গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ বলেন, ‘ভীষণ আত্মপ্রত্যয়ী ছিলেন শাহরিয়ার। আত্মহত্যা করতে পারেন, এটা মেনে নেওয়ার নয়। উচ্চপর্যায়ের তদন্ত চাই আমরা।’