কয়েকজন ব্লগার ও প্রকাশক হত্যার মতো রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডেও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জড়িত বলে পুলিশের ধারণা। তদন্তকারীরা বলছেন, কয়েকটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন পাঁচ-সাতজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।
জুলহাজ-মাহবুব হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা ধারণা করছি, আনসারুল্লাহ বাংলা টিমের (আনসার আল ইসলাম) একটি গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ ও খুনিদের ব্যবহৃত একটি মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
খুন করে দুর্বৃত্তরা পালানোর সময় তাদের আটকের চেষ্টাকালে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজ উদ্দিন চাপাতির কোপে আহত হয়েও এক খুনির কাছ থেকে একটি মুঠোফোনসহ ব্যাগ কেড়ে নেন। ওই ব্যাগে দুটি পিস্তল ছাড়াও নয়টি আলামত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত সোমবার কলাবাগানের উত্তর ধানমন্ডির ৩৫ নম্বর বাড়ির দোতলার বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুবকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে চাকরি করতেন। তিনি সমকামীদের অধিকার-বিষয়ক সাময়িকী রূপবান সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। মাহবুব নাট্যকর্মী ছিলেন।
দুর্বৃত্তরা ওই বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লাকেও কোপায়। পরে কলাবাগানের ডলফিন গলি দিয়ে পালানোর সময় এক দুর্বৃত্তকে জাপটে ধরলে এএসআই মমতাজকে কোপায় তারা। এই জোড়া খুনের ঘটনায় কলাবাগান থানায় হত্যা ও অস্ত্র আইনে করা মামলা দুটি তদন্ত করছে ডিবি পুলিশ।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, পয়লা বৈশাখে জুলহাজ মান্নান ও তাঁর ঘনিষ্ঠজনেরা ‘রংধুন যাত্রা’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শোভাযাত্রা বের করার চেষ্টা করলে পুলিশ তা করতে দেয়নি। জুলহাজসহ চারজনকে আটক করে পুলিশ শাহবাগ থানায় নিয়ে যায়। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। শোভাযাত্রা বের করার সময় জুলহাজের মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেননি বা পুলিশের সহযোগিতা চাননি। ওই শোভাযাত্রাস্থল থেকেই হত্যাকারীরা জুলহাজকে অনুসরণ করে নিশানা ঠিক করে। পরে খুনিরা সুযোগ বুঝে বাসায় ঢুকে জুলহাজ ও তাঁর বন্ধুকে খুন করেছে। এর আগে ২০১৫ সালে গোড়ানে বাসায় ঢুকে আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ স্ত্রীর সামনে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয়কে কুপিয়ে হত্যা করে।
জোড়া খুন মামলার তদন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, খুনিদের আসা-যাওয়ার পথের দুই ধারের অন্তত ১০-১২টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেসব বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে পাঁচ-সাতজনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাদের ছবি অস্পষ্ট। এখন মিরপুর রোড থেকে আরও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কারণ, খুনিরা মিরপুর রোড দিয়ে পালিয়ে গেছে।
ডিবির আরেক কর্মকর্তা বলেন, এএসআই মমতাজের কেড়ে রাখা ব্যাগটিতে মুঠোফোন, পিস্তলসহ যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো খুনি পর্যন্ত পৌঁছাতে যথেষ্ট কাজে দিচ্ছে। ওই ব্যাগে পাওয়া মুঠোফোন ও জুলহাজ মান্নানের মুঠোফোনের কলের তালিকা এবং জুলহাজের ফেসবুকের লেখা তদন্তে সহায়ক ভূমিকা রাখছে। এই জোড়া খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হলে ব্লগার ও প্রকাশক হত্যা মামলাগুলোর রহস্যও উদ্ঘাটিত হবে। জোড়া খুনের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় জুলহাজ মান্নানের বড় ভাই ও হত্যা মামলার বাদী মিনহাজ মান্নান প্রথম আলোকে বলেন, ‘তদন্তের অবস্থা আমি জানি না। আমরা বাঁচার জন্য সতর্ক থাকছি।’ তিনি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে। পছন্দ হয়নি বলে মারা হয়েছে, বিষয়টি এমন নয়। আলোচনায় আসতে ও নিজেদের অবস্থান জানান দিতে এই খুন করা হয়েছে। আগে জুলহাজ মান্নানের ওজন বুঝতাম না, এখন বুঝছি।’