চট্টগ্রামের হালিশহরের ব্যবসায়ী নূর মোহাম্মদ খুনের ঘটনায় গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হালিশহর সবুজবাগ আবাসিক এলাকায় নূর মোহাম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ক্ষুব্ধ লোকজন রাত ১২টার দিকে হালিশহর হক্কানি পেট্রলপাম্পের পেছনে খোকন নামের এক ব্যক্তির দখলে থাকা চারটি দোকান ও ১১টি বসতঘরে আগুন ধরিয়ে দেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, নূর মোহাম্মদ জমি কেনাবেচার ব্যবসা করতেন। সবুজবাগ এলাকায় একটি জায়গা নিয়ে খোকন নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জের ধরে খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খোকনকে খোঁজা হচ্ছে।
ওসি জানান, নূর মোহাম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন খোকনের মালিকানাধীন বসতঘর ও দোকানে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তির ভগ্নিপতি মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, বাসা থেকে ডেকে নিয়ে নূর মোহাম্মদকে কারা গুলি করে হত্যা করেছে, সে সম্পর্কে এখনো কিছু ধারণা করতে পারছেন না তাঁরা।
এদিকে গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যার পর জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।