পুলিশের ধারণা, মুজিবুর সত্য লুকানোর চেষ্টা করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় সাড়ে তিন মাস পর মুক্ত হওয়া যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান সত্য লুকানোর চেষ্টা করছেন বলে মনে করছেন পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে অপহরণ ও অপহরণ-পরবর্তী ঘটনা নিয়ে তিনি যা দাবি করেছেন, তার কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না।

মামলার তদন্তের সঙ্গে যুক্ত সুনামগঞ্জ পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, মুজিবুর রহমান সাড়ে তিন মাস পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। তিনি বলেন, তাঁকে সব সময় চোখ বাঁধা অবস্থায় রাখা হতো, নির্যাতন করা হতো। তবে চিকিত্সকেরা তাঁর শরীরে কিংবা চোখে কোনো সমস্যা পাননি। চিকিত্সকদের ভাষ্য, একটা মানুষের সব সময় চোখ বাঁধা থাকলে দৃষ্টিশক্তি কমে আসার কথা। কিন্তু মুজিবুরের চোখে কোনো সমস্যা নেই। তাঁর শরীরেও তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি।

মুজিবুর রহমান মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন—নানা মহলে এমন আলোচনা আছে জানালে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটি আমাদের মাথায়ও আছে। তিনি আসলেই অপহূত হয়েছিলেন কি না, আমাদের তদন্তে এই প্রশ্নটিও গুরুত্ব পাচ্ছে।’

এদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে, মুজিবুর রহমান কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন। এ কারণে তিনি অপহরণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়ানোর চেষ্টা করছেন। আমরা কয়েকটি বিষয় সামনে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।’

গত বুধবার রাতে মুজিবুর ও তাঁর গাড়ি চালক রেজাউলকে হককে ঢাকা থেকে সুনামগঞ্জে নিয়ে যায় পুলিশ। এর পর থেকে তাঁরা পুলিশি হেফাজতে ছিলেন। গণমাধ্যমের কর্মীরা তাঁদের সঙ্গে কোনো কথা বলতে পারেননি।

এদিকে গাড়িচালক রেজাউল হককে নিয়ে আজ ঢাকায় এসেছে পুলিশ। এ ছাড়া মুজিবুরকে নিয়ে সিলেটের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে পুলিশের আরেকটি দল।

পুলিশ জানিয়েছে, সকালে সুনামগঞ্জ থেকে রেজাউলকে নিয়ে ঢাকায় রওনা হয় পুলিশ। তাঁকে নিয়ে ঢাকা, গাজীপুর ও টঙ্গীতে যাওয়া হবে। অপহরণকারীরা টঙ্গীর যে সেতুর কাছে তাঁদের যে স্থানে ছেড়ে দিয়েছিল, সে স্থানেও রেজাউলকে নিয়ে যাওয়া হবে।

গত ৪ মে দেশে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান ও রেজাউল অপহূত হন। অপহূত হওয়ার সাড়ে তিন মাস পর গত সোমবার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকার একটি সেতুর কাছে চোখ বাঁধা অবস্থায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।