পুলিশের ধারণা, হত্যায় জড়িতরা হয়তো ইরফানুলকে চিনত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শন প্রতিষ্ঠান দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলাম হত্যাকাণ্ডে সম্পৃক্তরা তাঁকে চিনত বলে ধারণা করছে পুলিশ। ইরফানুলের মুঠোফোনের কললিস্ট, ব্যাংকে টাকা তোলার সময় এবং পরে সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এতে কিছু ‘অসংলগ্নতা’ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ইরফানুলের লাশ উদ্ধারের এক দিন পর গতকাল সোমবার দুপুরে তাঁর বড় ভাই ইমদাদুল ইসলাম কলাবাগান থানায় হত্যা, সংঘবদ্ধভাবে অপহরণ ও মালামাল লুটের অভিযোগে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের। এজাহারে বলা হয়েছে, বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৫ মিনিটের মধ্যে যেকোনো সময় ইরফানুল খুন হয়েছেন। ভাই হত্যাকাণ্ডের প্রসঙ্গে ইমদাদুল গতকালও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
মামলার বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি, পরিকল্পিতভাবে ইরফানুল ইসলামকে খুন করা হয়েছে এবং কাজটি করেছে পেশাদার খুনিরা।’
নাম প্রকাশ না করার শর্তে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা আগে থেকেই হয়তো ইরফানুলকে চিনত। কললিস্ট ও ভিডিও ফুটেজে কিছু ইঙ্গিত আছে।
গত শনিবার বেলা ১১টার দিকে ইরফানুল ইসলাম ৩ লাখ ৮ হাজার টাকার একটি চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে ধানমন্ডিতে অবস্থিত অফিস থেকে বের হন। টাকা তোলার পর ১১টা ৪৮ মিনিটে তাঁর সঙ্গে অফিসের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সেদিন বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ির একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম গতকাল জালকুড়িতে ইরফানুলের লাশ উদ্ধারস্থলে যান এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ ছাড়া ইরফানুল যে গাড়িতে করে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়েছিলেন, সেই গাড়ির চালক নাসিরুদ্দিন ও ইরফানুলের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন।
গতকাল লাশ উদ্ধারস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও। ওই দলের সঙ্গে থাকা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বলেন, পিবিআইয়ের দলটি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে। তাঁদের প্রত্যেকেই বলেছেন, তাঁরা লাশ পড়ে থাকতে দেখেছেন। কাউকে লাশ ফেলতে দেখেননি।
দৃকের মহাব্যবস্থাপক (অপারেশনস) রেজাউর রহমান বলেন, এর আগেও ইরফানুল একা ব্যাংক থেকে টাকা তুলেছেন। কখনোই সমস্যা হয়নি। তাঁরা হত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।