পুলিশের ধারণা 'নিখোঁজ' সাব্বিরুল জঙ্গি সংগঠনের নিয়ন্ত্রণে
রাজধানীর কল্যাণপুরে যৌথ অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাব্বিরুল হক নেই বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ‘নিখোঁজ’ সাব্বিরুল জঙ্গি সংগঠনের নিয়ন্ত্রণে থাকতে পারেন বলে ধারণা করছেন পুলিশের কর্মকর্তারা। তাঁকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
গত মঙ্গলবার ভোরে কল্যাণপুরে অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এ ঘটনার পর প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যে তিনজনের পরিচয় প্রকাশ করে, তাঁদের মধ্যে সাব্বিরুলের নাম ছিল। অবশ্য বুধবার বিকেলে পুলিশ আগের অবস্থান থেকে সরে আসে। গত বৃহস্পতিবার ঢাকায় গিয়ে সাব্বিরুলের চাচাতো ভাই ওয়াহিদুল হক চৌধুরী লাশ দেখে নিশ্চিত হন ৯ জনের মধ্যে সাব্বিরুল নেই।
চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের পরিদর্শক আজিজুল হক চৌধুরীর ছেলে সাব্বিরুল হক গত ২১ ফেব্রুয়ারি নিখোঁজ হন। তিনি চট্টগ্রামের রাউজানে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তাঁর বাবা আজিজুল হক চৌধুরীর কাছ থেকে ৫০০ টাকা নিয়ে উধাও হয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পায়নি পরিবার। সাব্বিরুল আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের স্নাতকের শিক্ষার্থী।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দুপুরে আজিজুল হক চৌধুরীর পরিবার আমাদের নিশ্চিত করেছে যে ঢাকার মর্গে থাকা লাশের মধ্যে সাব্বিরুল নেই। ধারণা করা হচ্ছে, জঙ্গি তৎপরতায় জড়িয়েছেন এই যুবক। বর্তমান পরিস্থিতিতে সাব্বিরুল রাষ্ট্রের জন্য থ্রেট (হুমকি)। তাঁকে উদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ জন্য নগর পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
সাব্বিরুলের বাবা আজিজুল হক চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কল্যাণপুরে নিহত জঙ্গিদের মধ্যে আমার ছেলের লাশ পাওয়া গেলে আমি তা গ্রহণ করতাম না। রাষ্ট্রের কাছে আমার আকুতি, নিখোঁজ ছেলেকে বের করার ব্যবস্থা করুন।’ তিনি বলেন, ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় শনিবার (আজ) তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। স্বাধীনতাবিরোধী চক্র ও জঙ্গিগোষ্ঠী তাঁর ছেলেকে বিপথে নিয়ে গেছে।