পুলিশের নজরদারিতে ৪-৫ বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বেসরকারি ব্যাংকের চারটি এটিএম বুথে বিশেষ যন্ত্র বসিয়ে কার্ড জালিয়াতির ঘটনায় চার-পাঁচজন বিদেশিকে নজরদারিতে রেখেছে পুলিশ। জালিয়াতির ঘটনায় সিসি ক্যামেরায় পাওয়া ছবি দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি আরও বলেন, শনাক্ত হওয়া বিদেশিরা পূর্ব ইউরোপসহ বিভিন্ন দেশের নাগরিক হতে পারেন। নিশ্চিত হওয়ার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।
মনিরুল ইসলাম আরও বলেন, ব্যাংকের কার্ড জালিয়াতির ঘটনা তদন্তে ডিবি ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে কাজ করছে। বুথের গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রসহ অন্যান্য আলামত তাঁদের হাতে আছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ব্যাংকের কার্ড জালিয়াতির মতো অপরাধ তদন্তের অভিজ্ঞতা গোয়েন্দা পুলিশের (ডিবি) রয়েছে।
৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীতে ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়া হয়। তবে তা জানাজানি হয় ১২ ফেব্রুয়ারি। এ ঘটনায় ইউসিবি গত শুক্রবার বনানী থানায় ও সিটি ব্যাংক গত সোমবার পল্লবী থানায় আলাদা দুটি মামলা করে। ইউসিবির মামলাটির তদন্ত করছে ডিবি।
কার্ড জালিয়াতির ঘটনা ও এটিএম বুথে নিরাপত্তা বৃদ্ধিসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে সব ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে সাম্প্রতিক কার্ড জালিয়াতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত এবং এটিএম বুথের নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইস্টার্ন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জিয়াউল করিম প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেছেন, এই জালিয়াতির ঘটনায় চারটি ব্যাংকের ৪০ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের হিসাব থেকে প্রায় ২১ লাখ টাকা তুলে নেওয়া হয়। এঁদের মধ্যে ইস্টার্ন ব্যাংকের ২৮ জন, সিটি ব্যাংকের ৪ জন, ইউসিবির ৭ জন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ জন রয়েছে। ইস্টার্ন, সিটি ও ইউসিবির গুলশান, বনানী ও মিরপুরের কালশী এলাকার মোট চারটি বুথে স্কিমিং ডিভাইস বসানো অবস্থায় ১ হাজার ২০০ কার্ডের লেনদেন হয়। তাই বাংলাদেশ ব্যাংক এসব কার্ডের তথ্য চুরি হয়েছে বলে ধারণা করছে। এসব কার্ড নিষ্ক্রিয় করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে সব কটি কার্ড নিষ্ক্রিয় করে তার বিপরীতে বিকল্প কার্ড সরবরাহ করা হয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।