অল্প কয়েকজনের বিক্ষোভ ঠেকাতে গিয়ে পুলিশ যে বর্বরতা চালিয়েছে, তা নিয়ে পুলিশের মধ্যেই প্রশ্ন উঠেছে। এ ঘটনায় নিজেদের সদস্যদের কোনো দায়িত্বহীনতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুটি কমিটি করেছে পুলিশ। আর বাড়াবাড়ির জন্য পুলিশের নিম্ন পর্যায়ের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার ছাত্র ইউনিয়নের বিক্ষোভ ব্যবস্থাপনার দায়িত্ব ছিল পুলিশের রমনা বিভাগের। শাহবাগ, দোয়েল চত্বর ও হাইকোর্টের সামনে সে জন্য ব্যারিকেড ও প্রয়োজনীয় উপকরণসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। কিন্তু তাঁরা নিষ্ক্রিয় ছিলেন।
পূর্বঘোষণা অনুযায়ী দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিলে দুই শতাধিক ছাত্রছাত্রী ও অন্যান্য সংগঠনের কর্মীরা অংশ নেন। সামনে-পেছনে পুলিশ বেষ্টিত হয়ে মিছিলটি শাহবাগ হয়ে ডিএমপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। শাহবাগে যাওয়ার আগে চারুকলার সামনে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে ছিল পুলিশ। কিন্তু মিছিলটি আসার পরে তারা কিছুই করেনি। শাহবাগে প্রচণ্ড যানজট থাকায় মিছিলটি সামনে এগোতে না পেরে শাহবাগ থানার সামনে থেকে ঘুরে কার্জন হলের দিকে যাত্রা করে। টিএসসি পেরিয়ে দোয়েল চত্বরে আসতেই আবারও পুলিশি ব্যারিকেড। সেখানে ঢাল, লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত পুলিশ সদস্যরাও শিক্ষার্থীদের কোনো বাধা দেননি। শিক্ষার্থীরা কাঁটাতারের বেড়া সরিয়ে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে এগোতে থাকেন। এরপর হাইকোর্টের সামনেও এ রকম ব্যারিকেড নিয়ে দাঁড়িয়ে ছিল পুলিশ। এখানেও মিছিলটি বাধা পায়নি। মিছিলটি কাকরাইল মসজিদের পাশ দিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে (সার্কিট হাউস রোড) যাওয়ার পরে পুলিশ চূড়ান্তভাবে বাধা দেয়। সেখানে রাস্তার ওপর বসে পড়ে প্রায় ২০ মিনিট ধরে পুলিশের বিরুদ্ধে বক্তব্য ও স্লোগান দেন নেতা-কর্মীরা। এরপরই পুলিশ তাঁদের ওপরে চড়াও হয়।
পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, মিন্টো রোডে সরকারের মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন। এ এলাকাটিকে সব সময় বেশি সুরক্ষা দিয়ে রাখা হয়। এ ধরনের ঘটনায় যে নিরাপত্তা প্রস্তুতি থাকে, তাতে মিছিলটির সার্কিট হাউস রোড পর্যন্ত আসারই কথা না। বিশ্ববিদ্যালয়ের মিছিল-সমাবেশ সাধারণত ক্যাম্পাসের ভেতরই সীমাবদ্ধ রাখা হয়। স্মারকলিপি বা অন্য কোনো দাবি পেশ করার কর্মসূচি থাকলে পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের দু-চারজন প্রতিনিধি গিয়ে সেটি দাখিল করে আসেন।
ডিবির একজন কর্মকর্তা বলেন, দেখে মনে হচ্ছে রমনা বিভাগের কর্মকর্তারা ঠিকমতো নিরাপত্তা পরিকল্পনা করতে পারেননি। রাস্তায় যে পুলিশ কর্মকর্তাদের বাধা দেওয়ার কথা ছিল, তাদের তা সেভাবে ব্রিফ করা হয়নি। যে কারণে তারা কোনো রকম ভূমিকা পালন করেনি।
আরেকজন কর্মকর্তা বলেন, মিছিলটি যখন মন্ত্রী পাড়ার কাছাকাছি চলে এসেছে, তখন বিক্ষোভকারীদের মেরে-ধরে সরিয়ে দেওয়া ছাড়া পুলিশের আর কোনো উপায় থাকে না। মিছিলটি যদি দোয়েল চত্বর বা শাহবাগে দিনভর বসে স্লোগান দিত, তাহলেও এত চাপ তৈরি হতো না। কিন্তু সার্কিট হাউস রোডের মতো জায়গায় তো আর তাদের বেশিক্ষণ থাকতে দেওয়া চলে না।
একজন বরখাস্ত: এ ঘটনায় পুলিশের এক নায়েক আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত ছবির ভিত্তিতে আনিসুর রহমানকে শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নিম্ন পর্যায়ের একজন সদস্যকে শাস্তি দিয়ে পদস্থ কর্মকর্তাদের ব্যর্থতা ঢাকা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানতে চাইলে হাইকোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘আর কতকাল কর্মস্থলে সবচেয়ে শেষ ধাপের কর্মীর ওপর দায় চাপিয়ে বড় কর্তারা পার পেয়ে যাবেন? ওই অঞ্চলের দায়িত্বে কোন কর্মকর্তা ছিলেন? পুলিশ তো বাড়াবাড়ি করেছে। যাঁরা যৌন হয়রানির প্রতিকার চাইতে গেলেন, তাঁরাই অপরাধী হয়ে গেলেন? যদি কোনো নারী ঢিল ছুড়েই থাকেন, তাঁকে লাথি মারতে হবে? রাস্তায় ফেলে পেটাতে হবে? এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।’
তদন্তে দুই কমিটি: রোববারের ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তর দুটি কমিটি গঠন করেছে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে ‘বিরূপ সংবাদ’ প্রকাশিত হওয়ায় তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার বেলালুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন ডিবির উপকমিশনার কৃষ্ণ পদ রায় ও অতিরিক্ত উপকমিশনার আসমা সিদ্দিকা। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ডিএমপি সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশের পদক্ষেপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিরূপ সংবাদ পরিবেশিত হয়। তাই ওই ঘটনায় পুলিশি কার্যক্রম পর্যালোচনা, ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এতগুলো ব্যারিকেড পেরিয়ে মিন্টো রোডের স্পর্শকাতর মন্ত্রীপাড়া এলেন, পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্য ও পুলিশের গাড়ির ওপর হামলা করলেন, সেগুলো খতিয়ে দেখা হবে। ওই ঘটনায় পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নিরূপণ, রমনা বিভাগ কী ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছিল তার মূল্যায়ন, পুলিশের ওপর হামলার পরে গৃহীত আইনি ব্যবস্থা ও পুলিশের গৃহীত পদক্ষেপের প্রেক্ষাপট যাচাই করবে এই কমিটি।
অন্যদিকে পুলিশ সদর দপ্তর থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিছিলের উচ্ছৃঙ্খল সদস্যদের ছত্রভঙ্গ করার সময় পুলিশের বাড়াবাড়ি ইত্যাদি বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (অপারেশনস) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। কমিটির সদস্যসচিব ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর) আনোয়ার হোসেন ও সদস্য পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কাজী জিয়াউদ্দীন।
যোগাযোগ করা হলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান।