
‘দুই পায়ে গুলি করে যুবককে সন্ত্রাসী সাজাল পুলিশ!’ এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে ডিএমপি কমিশনারকে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইন ও সালিশ কেন্দ্রের করা এক রিটের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত ওই ঘটনার শিকার শাহ আলমের চিকিৎসাসেবা নিশ্চিত ও চিকিৎসার খরচ বহন করতে বিবাদীদের প্রতি নির্দেশ দেন।
‘দুই পায়ে গুলি করে যুবককে সন্ত্রাসী সাজাল পুলিশ!’ -শিরোনামে ২২ অক্টোবর প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গতকাল বুধবার আইন ও সালিশ কেন্দ্র রিট আবেদনটি করে।
আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন অবন্তী নুরুল।
রুলে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন