চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) এক পরিদর্শকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যাংক চেকে জোর করে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠা পরিদর্শকের নাম আজিজ আহমেদ। তিনি চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মো. রাশেদ মিয়া নামের এক ব্যক্তি।
নগরের জিইসি মোড় এলাকায় ‘এমসিএইচ’ ও ‘ইউনিএইড’ নামের দুটি কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদ বলেন, গত বছরের আগস্ট মাসে চকবাজার থানার ওসির দায়িত্বে থাকার সময় আজিজ আহমেদ থানায় এক আসামির সঙ্গে বৈঠক করেন। এরপর তাঁকে থানা থেকে বদলি করা হয়। এ ঘটনার কিছুদিন পর আজিজ আহমেদ ও ব্যবসায়ী আবুল মনছুর তাঁর কোচিং সেন্টারে আসেন। তাঁরা দুজন তাঁর কাছে ৭০ লাখ টাকা দাবি করেন। আজিজের চাকরির সুবিধাজনক পদায়নের জন্য ওই টাকা প্রয়োজন বলে তাঁরা তাঁকে জানান। কিন্তু টাকা দিতে না পারায় তাঁকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন ওই দুজন। আজিজ আহমেদের বিরুদ্ধে গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম নগর পুলিশ বরাবর লিখিত অভিযোগ করেন বলেও জানান তিনি।
অবশ্য রাশেদ মিয়ার করা অভিযোগ অস্বীকার করেছেন আজিজ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, রাশেদ ব্যবসায়িক কাজের জন্য আবুল মনছুর নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় দেড় কোটি টাকা ধার নেন। প্রতিশ্রুতি দিলেও রাশেদ টাকা পরিশোধ করছিলেন না। টাকা ফেরত না দেওয়ার জন্য রাশেদ এই নাটক সাজিয়েছেন বলেও দাবি করেন তিনি।
গতকালের সংবাদ সম্মেলনে রাশেদ বলেন, ২০০৭ সালে পুলিশ কর্মকর্তা আজিজ আহমেদের সঙ্গে তাঁর পরিচয়। একসময় দুজনের মধ্যে ভাইয়ের মতো সম্পর্ক ছিল। তাঁকে বিভিন্ন সময়ে তিনি প্রায় আট লাখ টাকা ধার দেন বলেও দাবি করেন রাশেদ।
রাশেদ মিয়া বলেন, আবুল মনছুর তাঁর কাছ থেকে ৮২ লাখ ৫০ হাজার টাকা পাবেন। এই টাকার জন্য কোচিং সেন্টার তাঁর নামে লিখে দিতে জোর করে তিন শ টাকার স্ট্যাম্পে তাঁর স্বাক্ষর নেন মনছুর ও আজিজ।
অভিযোগের বিষয়ে আবুল মনছুর বলেন, ব্যবসায়িক কাজে রাশেদ বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। এখনো তাঁর (রাশেদ) কাছে ৮৩ লাখ টাকা পান তিনি। টাকা পরিশোধ না করে উল্টো তাঁকে হয়রানি করছেন রাশেদ। আবুল মনছুর চা ও ক্রোকারিজ সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানান।
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহাম্মদ ইকবাল বাহার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।