পুলিশের পোশাক পরে ট্রাক ছিনতাই
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গত মঙ্গলবার পুলিশের পোশাক পরে ভুট্টাবোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁরা ট্রাকের চালক ও সহকারীকে মারধর করে আহত করে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
ট্রাকের চালক চুয়াডাঙ্গার সাতগাড়ী গ্রামের নুরুল ইসলাম (৪০) ও সহকারী একই এলাকার শিপন (৩০)।
নুরুল ইসলাম জানান, প্রায় সাত থেকে আট লাখ টাকা মূল্যের ভুট্টা নিয়ে চুয়াডাঙ্গা থেকে ময়মনসিংহের ভালুকায় যাচ্ছিলেন তাঁরা। মঙ্গলবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে পুলিশের পোশাকে সাত-আট ব্যক্তি কাগজপত্র চেকিংয়ের নামে ট্রাকের গতিরোধ করে। তাদের হাতে ওয়ারলেস সেট ও সার্চলাইট ছিল। তারা পরে তাঁকে ও সহকারী শিপনকে ট্রাক থেকে নামিয়ে মারধর করে আহত করে। এরপর হাত-পা ও মুখ বেঁধে একটি সাদা মাইক্রোবাসে তোলে। পরে তারা ট্রাকটি নিয়ে চলে যায়। এরপর মাইক্রোবাস তাঁদের উপজেলার চরহামকুড়িয়া এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। মাইক্রোবাসে চার-পাঁচজন ছিল বলে জানান তাঁরা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মহাসড়কে টহলরত পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।