পুলিশের বর্বরতায় বর হাসপাতালে
রুবেল হোসেনের বিয়ের দিন নির্ধারিত ছিল আজ শুক্রবার। গত বুধবার থেকেই তাঁর বাড়িতে শুরু হয় গান-বাজনা আর হইহুল্লোড়। কিন্তু হঠাৎ পুলিশ এসে লন্ডভন্ড করে দিল সব। বর রুবেলকে ধরে নিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে। বিয়ের পিঁড়ির বদলে রুবেল এখন হাসপাতালে শয্যাশায়ী।
ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায়। প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তাঁরা দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
হায়দরাবাদ মধ্যপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে রুবেল (২৬) টঙ্গী এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করেন।
রুবেলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলের বিয়ে ছিল আজ। কাল শনিবার ছিল বউভাত। এ জন্য ফটক নির্মাণ থেকে শুরু করে সব আয়োজনই সম্পন্ন হয়েছিল। দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক হাজার অতিথিকে। বুধবার বিকেল থেকেই বাড়িতে গান-বাজনা শুরু হয়ে যায়। রাত দেড়টার দিকে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর ও ফিরোজ উদ্দিনের নেতৃত্বে পাঁচজন পুলিশ সদস্য বিয়ে বাড়িতে হানা দেন। মামলার কথা বলে রুবেলকে জোর করে ধরে নিয়ে যান। হায়দরাবাদ এলাকার রেললাইনের পাশে একটু নিচু জমিতে নিয়ে তাঁকে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর দুই পা ভেঙে যায়। রুবেল অচেতন হয়ে পড়লে তাঁকে সেখানে ফেলে রেখে চলে যান পুলিশ সদস্যরা। পরে রাত আড়াইটার দিকে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর স্বজন ও স্থানীয় লোকজন। অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিচার ও ঘটনার তদন্ত দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁরা এসআই আলী আকবর ও এসআই ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
রুবেলের ফুফা জামাল হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন জয়দেবপুর থানায় একটি মামলা করেন। বুধবার রাতে বাদীপক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশ রুবেলকে ধরে নিয়ে বেদম পিটিয়ে দুই পা ভেঙে দেয়। রুবেলের বাবা নূরুল ইসলাম বলেন, তাঁর ছেলের বিরুদ্ধে প্রতিবেশীরা মিথ্যা মামলা দিয়েছে। আর পুলিশ বিয়ের আগ মুহূর্তে ছেলেটারে ধরে নিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে। তিনি দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন।
জানতে চাইলে এসআই আলী আকবর প্রথম আলোকে বলেন, ‘রুবেলকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম। হঠাৎ রুবেল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে তাঁর পা ভেঙে যায়।’ এসআই ফিরোজ উদ্দিন বলেন, ‘আমাকে এসআই আলী আকবর নিয়ে গিয়েছিলেন। সেখানে কী হয়েছে তা আমি বলতে পারব না।’
ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান। তিনি ঘটনা তদন্তে থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমানকে নির্দেশ দিয়েছেন।