পুলিশের বাসায় ছিনতাইয়ের সোনা, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১০২ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দুই পুলিশ সদস্যের বাসা থেকে ৩৮ ভরি ও ছিনতাইকারীর বাসা থেকে ৫২ ভরি সোনা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দুই সদস্য হলেন চট্টগ্রামের এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উপসহকারী কর্মকর্তা (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল খান এ আলম এবং ছিনতাইকারী আল আমিন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে ছিনতাইকারী আল আমিনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেন ও দুই পুলিশ সদস্যের জড়িত থাকার কথা জানান। এরপর ওই পুলিশ সদস্যদের ডেকে পাঠানো হয়। তাঁরাও ঘটনার দায় স্বীকার করেন। এরপর আল আমিনের ইপিজেড এলাকার বাসা থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ৫২ ভরি। এরপর লালখান বাজারের মিজানুর রহমানের বাসা থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ২৬ ভরি। আর খান এ আলমের চকবাজারের বাসা থেকে ১২ ভরি সোনা উদ্ধার করা হয়। এরপর তাঁদের আজ এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আরও জানান, ১০২ ভরি সোনার মধ্যে ৯০ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি সোনা এরই মধ্যে তাঁরা বিক্রি করে দিয়েছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
গত নভেম্বরে এ মামলায় ইফতেখার উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের এক ব্যবসায়ীর ১০২ ভরি সোনা ছিনতাই হয়। এর মাস খানেক পর ছিনতাইয়ের সঙ্গে ‘জড়িত’ এক ব্যক্তিকে একটি পূজামণ্ডপে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়। পুলিশ এসে দেখতে পায়, ওই ব্যক্তি পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল গত নভেম্বরে প্রথম আলোকে বলেছিলেন, ‘একজন পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি ১০২ ভরি সোনা ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে আমরা তদন্ত করে তথ্য পেয়েছি। ওই ঘটনায় ওই কর্মকর্তাসহ দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আমরা ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করব।’
নগরের হাজারী লেনের লরিন জুয়েলার্সের মালিক দোলন বিশ্বাস বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর আমি হাজারী লেন থেকে অটোরিকশাযোগে বিআরটিসি বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। সেখান থেকে বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল। সকাল ৭টা ২৫ মিনিটের দিকে তিন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মিউনিসিপ্যাল স্কুলের সামনে আমার অটোরিকশার গতিরোধ করে। এরপর তাঁরা আমাকে হুমকি দিয়ে অটোরিকশাটি লাভ লেনের ঝাউতলা মেট্রোপল ক্লাবের সামনে নিয়ে যায়। সেখানে তারা আমার কাছ থেকে ১০২ ভরিরও বেশি ওজনের সোনা, দুটি মুঠোফোন সেট ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।’
পুলিশ জানায়, ওই ছিনতাইয়ের ঘটনায় ২২ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী দোলন বিশ্বাস। মামলার এজাহারে বলা হয়, ছিনতাইয়ের সময় জড়িত তিন আসামি নিজেদের র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দেন। তাঁদের সঙ্গে ওয়্যারলেস সেট ও হাতকড়া ছিল। একজনের কোমরে পিস্তলও দেখা গেছে।