পুলিশের বাহাদুরি ও যুবলীগ নেতার চড়
রাজশাহীর বাঘায় মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে পুলিশের এক সদস্য যুবলীগ নেতার ওপরে চড়াও হয়েছিলেন। যুবলীগ নেতাও তাঁকে চড় বসিয়ে দিয়েছেন। গতকাল উপজেলার নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটেছে।
পরে পুলিশ সদস্যরা যুবলীগ নেতাকে ধরার জন্য তাঁর বাড়িতে অভিযান চালান। যুবলীগ নেতার অভিযোগ, পুলিশ বাড়িতে ঢুকে তাঁর শিশুসন্তানের মাথায় পিস্তল ঠেকিয়েছে। তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে ভেতরে তল্লাশি চালিয়েছে।
ওই যুবলীগ নেতার নাম এ এস এম মিঠু। তিনি যুবলীগের বাঘা থানার সহসভাপতি এবং জেলা যুবলীগের সদস্য। তাঁর বাবা বাঘা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বাঘা পৌর এলাকার নারায়ণপুর মহল্লায় তাঁর বাড়ি। আর ওই পুলিশ সদস্যের নাম ইউসুফ আলী। তিনি বাঘা থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
যুবলীগ নেতা মিঠু বলেন, গতকাল সোমবার সকালে তিনি তাঁর শিশুসন্তানকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে আরও একটি শিশু ছিল। নারায়ণপুর বাজারের ভেতরে এসে দেখেন এক ব্যক্তি সড়কের ‘রং সাইডে’ মোটরসাইকেল রেখে কথা বলছেন। পাশ দিয়ে যাওয়ার সময় ওই মোটরসাইকেলটির লুকিং গ্লাসের সঙ্গে তাঁর (মিঠুর) মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এতে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে মিঠুকে মারতে উদ্যত হন। ঠেকাতে গিয়ে তিনিও ওই ব্যক্তিটিকে চড় মেরেছেন। মিঠু বলেন, পরে ওই ব্যক্তি নিজের পরিচয় দেন একজন পুলিশ সদস্য হিসেবে। তাঁর সঙ্গে আরও এক লোক ছিলেন। তাঁর কোমরে পিস্তল ছিল। তাঁরা দুজনই সাদাপোশাকে ছিলেন। সঙ্গের লোকটি মিঠুকে ঠেলে সরিয়ে দেন। এরপর তিনি বাসায় চলে আসেন।
তিনি আরও বলেন, ঘটনার আধঘণ্টা পরেই তাঁর বাড়িতে পুলিশের গাড়ি আসে। সে সময় তিনি বাইরে ছিলেন না। তাঁর স্ত্রী তাঁকে জানিয়েছেন, একজন পুলিশ সদস্য তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢোকেন। তিনি তাঁর শিশুসন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে জিজ্ঞেস করেন, তাঁর (পুলিশ সদস্য) ভাষায়, ‘তোর বাবা কোথায়?’ পুলিশের এই আচরণে তাঁর শিশুসন্তানটি কিছুক্ষণ পরপরই ভয়ে কেঁপে উঠছে।
মিঠু জানান, এই ঘটনা নিয়ে মীমাংসা হওয়ার কথা চলছে। তবে মীমাংসা না হলে তিনি তাঁর বাড়ির ঘটনার জন্য পুলিশের বিরুদ্ধে মামলা করবেন।
এ ব্যাপারে ওই পুলিশ সদস্যের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগা নিয়ে দুজনের মধ্যে একটু কথা-কাটাকাটি হয়েছে। তাহলে বাড়িতে পুলিশ গিয়েছিল কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘কী হয়েছে তা জানার জন্য আমি একজন কর্মকর্তা পাঠিয়েছিলাম।’