কারওয়ান বাজার এলাকায় ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় আজ মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দেবে পুলিশ। অভিযোগপত্রে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান এবং আনসার সদস্য আবদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দেবরাজ চক্রবর্তী।
দেবরাজ চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে লতিফুজ্জামান ও আবদুর রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ এনে আগামীকাল (আজ) আদালতে অভিযোগ দেওয়া হবে। তিনি বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার পুলিশের আরেক কনস্টেবল রাজেকুল খন্দকারের সঙ্গে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হবে। আনসার সদস্য আবদুর রহমানকে টাঙ্গাইলের ভূয়াপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
১৮ নভেম্বর ভোরে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ের কাছে ছিনতাইয়ের শিকার হন ডিম ব্যবসায়ী আবদুল বাসের। তাঁর কাছ থেকে ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেন পুলিশের পোশাক পরা দুজন। এ ঘটনায় বাসের বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) গুলশান জোনের কনস্টেবল লতিফুজ্জামান ও রাজেকুল খন্দকারকে গ্রেপ্তার করা হয়। তবে গতকাল পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।