পুলিশের বিরুদ্ধে অভিযোগ করায় থানাহাজতে ২৫ ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে অভিযোগ করায় প্রতিপক্ষকে দিয়ে এক ব্যক্তির গাছের ডাব ও সুপারি লুট করানোর অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দেওয়ায় ওই ব্যক্তির ভাইকে পুলিশ ফাঁড়ি ও থানাহাজতে ২৫ ঘণ্টা আটকে রাখা হয়।
গত রোববার সাতক্ষীরার তালা উপজেলার মঙ্গলানন্দকাটি গ্রামে ওই ঘটনা ঘটে। আটক হওয়া শেখ আবদুস ছালামকে গতকাল সোমবার ছেড়ে দেওয়া হয়েছে।
আবদুস ছালামের ভাই শেখ আবুল কালাম বলেন, গত ২০ সেপ্টেম্বর তিনিসহ এলাকার ৫৬৯ ব্যক্তি পুলিশ সুপারের কাছে পাটকেলঘাটা থানার খলিশখালি পুলিশ ফাঁড়ির এএসআই আনিছুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান রোববার সকাল ১০টার দিকে প্রতিপক্ষ মুসলিমা খাতুনকে ডেকে এনে বিরোধপূর্ণ জমি থেকে তাঁর গাছের ডাব ও সুপারি পাড়ান। এতে ভাই শেখ আবদুস ছালাম আপত্তি করলে তাঁকে মারধর করে হাতকড়া পরিয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে পাটকেলঘাটা থানায় চালান করা হয়।
মঙ্গলানন্দকাটি গ্রামের লুৎফর শেখ ও বারিক শেখ বলেন, পুলিশের উপস্থিতিতে শেখ আবুল কালামের দখলে থাকা জমি থেকে কয়েকজন গাছের ডাব ও সুপারি পেড়েছে। সেখানে মুসলিমা খাতুনকে মারধরের ঘটনা ঘটেনি। পুলিশ আবদুস ছালামকে ধরে চড়, কিল মেরেছে ও লাঠি দিয়ে পিটিয়েছে।
মুসলিমা খাতুন বলেন, শেখ আবুল কালাম তাঁদের জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে তিনি ১ জানুয়ারি অতিরিক্ত জেলা হাকিমের আদালতে আবেদন করেন। আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন বলে আনিছুর রহমান বাড়ি থেকে ডেকে নিয়ে এসে জমি দখলে নেওয়ার কথা বলেন।
আনিছুর রহমান বলেন, আদালতের নির্দেশে মুসলিমা খাতুনের পক্ষে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। মুসলিমা খাতুন ডাব ও সুপারি পেড়েছেন। এ সময় শেখ আবদুস ছালাম পুলিশের সঙ্গে অসদাচরণ করলে তাঁকে আটক করা হয়।
জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, অতিরিক্ত জেলা হাকিমের আদালতের ২৩ সেপ্টেম্বরের আদেশে বলা হয়েছে, ওই সম্পত্তিতে দখলকারীর দখল বজায় থাকবে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এর অনুলিপি দেওয়ার কথাও বলা হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, মুসলিমা খাতুনকে মারধরের অভিযোগে শেখ আবুল কালাম, আবদুস ছালামসহ চারজনকে আসামি করে রোববার মামলা হয়েছে। এতে আবদুস ছালামকে আটক করা হয়। পরে বাদীর অনাপত্তির কারণে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।