পুলিশের বিরুদ্ধে আ.লীগ নেতাসহ দুজনকে পেটানোর অভিযোগ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের বিরুদ্ধে এক আওয়ামী লীগ নেতা ও তাঁর ভাগনেকে হাতকড়া পরিয়ে বেদম পেটানোর অভিযোগ উঠেছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় গতকাল শনিবার ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম (৪০) ও তাঁর ভাগনে মো. কাওছার (২৫)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচারকারীদের ধরার জন্য গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর এলাকায় তল্লাশিচৌকি বসায় পুলিশ। সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইব্রাহীম ও কাওছার মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় থামার জন্য পুলিশ নির্দেশ দিলেও তাঁরা থামেননি। পরে কাটাখালীতে গিয়ে মোটরসাইকেলসহ তাঁদের আটক করে পুলিশ।
আটক করার পর রামগঞ্জ থানার এসআই ফারুক আহমেদের নেতৃত্বে কয়েকজন পুলিশ তাঁদের হাতকড়া পরিয়ে মারধর শুরু করেন। পরিচয় দেওয়ার পরও ক্ষান্ত হননি তাঁরা। পরে থানায় এনে একই কায়দায় তাঁদের পেটানো হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ফারুক আহমেদ। তিনি দাবি করেন, ধস্তাধস্তিতে পড়ে গিয়ে তাঁরা আহত হয়েছেন।
এ বিষয়ে ইব্রাহিমের বড় ভাই নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান মো. হোসেন রানা বলেন, ‘হ্যান্ডকাফ পরিয়ে তাঁদের দুই দফা পিটিয়েছে পুলিশ। নির্যাতনে তাদের মুখ, ঠোঁট, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়ে গেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা শুক্রবার রাতে থানায় ছুটে যান। সেখানে ওসির কক্ষে বৈঠকে পুলিশের পক্ষ থেকে ওসি তোতা মিয়া ক্ষমা চান এবং লিখিত দিয়ে আটক ব্যক্তিদের থানা থেকে ছাড়িয়ে নেন।
ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বলেন, থানায় বৈঠকে পুলিশ ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।