পুলিশের বিরুদ্ধে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সিধলী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে এলাকাবাসী ওই আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি উপজেলার সিধলী গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী মাসুদা আক্তার মারা যান। মাসুদা একই উপজেলার রিয়া কৈলাটি গ্রামের মৌজ আলীর মেয়ে। তাঁর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, মাসুদাকে স্বামীর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনার পরদিন কলমাকান্দা থানায় মাসুদার মা শেফালী আক্তার হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিনি ৬ মার্চ আদালতে হত্যার অভিযোগ এনে মামলা করেন। এতে মাসুদার স্বামী সফিকুল ইসলাম, তাঁর চাচাতো ভাই আবদুল হেকিমসহ ছয়জনকে আসামি করা হয়। তবে পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল বিকেলে মামলার এজাহারভুক্ত আসামি আবদুল হেকিমকে এলাকাবাসী ও বাদীপক্ষের লোকজন আটক করে। খবর পেয়ে সিধলী তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আসে। তারা হেকিমকে উদ্ধার করে নিয়ে যায় এবং পরে ছেড়ে দেয়।
মামলার বাদী শেফালী আক্তার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘হত্যা মামলার আসামি হেকিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তখন পুলিশ আমার লোকজনকে মারতে আসে এবং অকথ্য ভাষায় গালাগাল করে। পরে তাঁকে ছেড়ে দেয়।’
এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, ‘হেকিমকে এলাকার কিছু লোক ধরে নিয়ে আটক করেছে এমন খবর শুনে আমরা গিয়ে তাঁকে উদ্ধার করি। এ সময় লোকজন পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেছে। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাই আমি যেহেতু মামলার আইও নই, সেহেতু ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া আটক করতে পারি না।’
কলমাকান্দা থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘শুনেছি একজনকে এলাকাবাসী আটকে রেখেছিল। পুলিশ তাঁকে উদ্ধার করেছে। ওই লোককে বলেছি তাদের বিরুদ্ধে মামলা করতে। এভাবে পুলিশ ছাড়া কেউ কাউকে আটক করতে পারে না।’