পুলিশের বিরুদ্ধে কিশোরীর হাত কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে সম্পর্কে ভাই-বোন দুই পুলিশ সদস্য মিলে এক কিশোরীকে মারধর ও তার একটি হাত কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত কিশোরীর নাম সাবিনা আকতার (১৬)। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কচুয়া মনিরেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন ফিরোজ সরকার ও তাঁর বোন জেসমিন আকতার। ফিরোজ নারায়ণগঞ্জে দাঙ্গা পুলিশে এবং জেসমিন দিনাজপুরের পার্বতীপুর থানায় কনস্টেবল পদে চাকরি করেন। সম্প্রতি দুই ভাই-বোন ছুটিতে বাড়িতে এসেছিলেন।
হাসপাতালে যাওয়ার পথে আহত সাবিনা ও তার বাবা সাইদুল হক অভিযোগ করেন, গতকাল গ্রামের একটি বাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা শিশুদের টিকা দিচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্য জেসমিন তাঁর শিশুসন্তানকে টিকা দেওয়ার জন্য সেখানে আসেন। এসএসসি পরীক্ষার্থী সাবিনাও এক আত্মীয়ের শিশুকে টিকা দেওয়ার জন্য সেখানে নিয়ে যায়। একপর্যায়ে লাইনে দাঁড়ানো নিয়ে জেসমিনের সঙ্গে সাবিনার বাগ্বিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ জেসমিন ও ফিরোজ মিলে সাবিনাকে মারধর করেন। এরই একপর্যায়ে জেসমিন জাপটে ধরলে ফিরোজ ধারালো কিছু দিয়ে সাবিনার হাতের কবজির কাছে কেটে দেন। সাবিনা এবার লোহানীপাড়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
তবে ফিরোজ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টিকা দেওয়াকে কেন্দ্র করে আমার বোন জেসমিনের সঙ্গে সাবিনার বাগ্বিতণ্ডা হয়। তখন সাবিনার পরিবারের লোকজন জোট বেঁধে আমাদের মারতে আসেন। সাবিনার ভাই রাসেলই বোনের হাত কেটে দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আমরা কাউকে মারপিট করিনি কিংবা হাত কাটিনি। মূলত সাবিনাদের পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।’
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’