পুলিশের বিরুদ্ধে কেউ মুখ খুলছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিরুদ্ধে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগের প্রমাণ পায়নি পুলিশের তদন্ত কমিটি। ঘটনাস্থল এবং এর আশপাশের কেউই এ বিষয়ে মুখ খুলছেন না। ফলে ঘটনার বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিযোগকারী ওই ছাত্রী।
গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। এর পরদিন রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে তেজগাঁও বিভাগের কমিটি তাদের তদন্তকাজ শেষ করেছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার কার্যালয় সূত্র জানিয়েছে, তদন্ত শেষে গতকাল রাতে প্রতিবেদন তৈরির কাজ চলছিল। আজ সকালে প্রতিবেদনটি জমা দেওয়া হবে।
প্রতিবেদনে কী আছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, যে দোকানে (জাপান গার্ডেন সিটি ইলেকট্রনিকস) ওই ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই দোকানমালিক নিজেই জানিয়েছেন, তাঁর দোকানে এমন কিছু হয়নি। আশপাশের লোকজনও এমন ঘটনা ঘটেছে বলে প্রমাণ দিতে পারেননি। তাই রতন কুমারকে হেনস্তার অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গঠিত আরেক তদন্ত কমিটির সদস্য পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার তাঁর কমিটির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে বলেন, তদন্ত শেষ পর্যায়ে। চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার বিচারের দাবিতে ওই ছাত্রী বাদী হয়ে গত সোমবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। ঘটনা সম্পর্কে ওই ছাত্রী বলেন, গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে শ্যামলী থেকে বই কেনার উদ্দেশ্যে শিয়া মসজিদ এলাকায় যাওয়ার সময় পুলিশ তাঁকে জোর করে দোকানে ঢুকিয়ে হেনস্তা করে।
এরপর বিভিন্ন সময় বিভিন্ন নম্বর থেকে ফোন করে ওই ছাত্রী ও তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছে বলে ওই ছাত্রী প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন এসআই রতন কুমার। তিনি বলেন, আক্রোশের বশে হেনস্তা করার উদ্দেশ্যে ওই ছাত্রী এমন অভিযোগ করছেন।
গতকাল শনিবার এ প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে অন্তত ২০ জনের সঙ্গে কথা বললে তাঁরা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। যে দোকানে ওই ছাত্রী হেনস্তা হয় বলে অভিযোগ উঠেছে, সেই দোকানের মালিক বলেন, রোববার সকাল ১০টার দিকে তিনি দোকানে আসেন। বেলা সাড়ে তিনটার দিকে শুধু পাঁচ মিনিটের জন্য পাশের একটি বেকারিতে যান রুটি খেতে। খাওয়া শেষ করে আবার দোকানে বসেন। এই সময়ে তিনি তাঁর দোকানে কোনো নারীর হেনস্তা দেখেননি।