পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, বাদীর বিরুদ্ধে ধর্ষণের

বগুড়ায় পুলিশ কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বাদী শাহ আলমকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সদরের বুজরুকবাড়িয়া গ্রামের নিজ বাসা তাঁকে থেকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। শাহ আলম সদরের বুজরুকবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুর (৭) বাড়ি সদরের বুজরুকবাড়িয়া এলাকায়। ২০ আগস্ট সে বাড়িতে একাই ছিল। মেয়েটির মা-বাবা বাড়িতে থাকনে না। শিশুটি তাঁদের পালিত। মা অন্যের বাড়িতে কাজ করেন। আর বাবা পানের দোকান করেন। এই সুযোগে শাহ আলম শিশুটিকে তাঁর বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের দোতলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরদিন মেয়েটির বাবা আদালতে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন। জানাতে পারেন, মামলা করতে অনেক টাকা-পয়সা লাগবে। তাই তিনি মামলা না করে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার সিদ্ধান্ত নেন। মীমাংসায় শাহ আলমের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদরের নারুলী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশিদ উপস্থিত ছিলেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনার পর শাহ আলম প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) জাহাঙ্গীর হোসেন, সহকারী উপপরিদর্শক আব্দুর রশিদ, ধর্ষণের শিকার শিশুসহ আটজনকে আসামি করে আদালতে মামলা করেন। গত সোমবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শাহ আলম।
শাহ আলম মামলায় উল্লেখ করেন, মামলার আসামি মেয়ের মা ১৮ আগস্ট সন্ধ্যায় বাড়িতে স্যানিটারি কাজ করানোর কথা বলে তাঁকে ডেকে নিয়ে যান। এরপর তাঁর স্বামী ও অন্যরা মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে ঘরে আটকে রাখেন। পরে মেয়েটির বাবা পালিত মেয়েকে ডেকে নিয়ে তাঁদের নগ্ন করে মোবাইল ফোনে ছবি তোলেন। এ সময় শাহ আলম কান্নাকাটি শুরু করলে মেয়েটির ভাই তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ধর্ষণ মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। এরপর শাহ আলমের স্ত্রীকে ডেকে এনে নগদ ২০ হাজার টাকা নেওয়াসহ অবশিষ্ট ৮০ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে দেওয়ার অঙ্গীকার করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। লজ্জায় ঘটনাটি কাউকে জানাননি শাহ আলম।
অভিযোগ আরও বলা হয়, মেয়েটির বাবা এক সপ্তাহ পর ২৬ আগস্ট শাহ আলমের বাড়িতে গিয়ে অবশিষ্ট ৮০ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে মামলার অন্য আসামি নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক শাহ আলমের বাড়িতে উপস্থিত হন। তাঁরা আসামিদের পক্ষ নিয়ে ৮০ হাজার টাকা দেওয়ার জন্য শাহ আলমকে চাপ দেন। টাকা না দিলে তাঁকে ধরে নিয়ে ধর্ষণ মামলায় জড়ানোর ভয় দেখানো হয়। পরে শাহ আলমের বাবা সিরাজ প্রামাণিক বাড়ির গাভি, ছাগল, হাঁস-মুরগি কম দামে বিক্রি করে সহকারী উপপরিদর্শক আব্দুর রশিদের হাতে ৪৫ হাজার টাকা তুলে দেন। পুলিশ অবশিষ্ট ৩৫ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে ফাঁড়িতে দিয়ে আসার নির্দেশ দিয়ে চলে যায়।
এ ঘটনায় আদালতের বিচারক শ্যামসুন্দর রায় বাদীর অভিযোগ রেকর্ড করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, শিশুর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার কোর্টে শাহ আলমকে আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত বিষয়টি থানায় এফআইআর হিসেবে রুজু করতে বলেছেন। এর প্রেক্ষাপটে মঙ্গলবার মামলা হয়েছে।
ঘটনা সম্পর্কে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বলেন, ‘বুধবার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম স্বীকার করেছেন, তিনি ওই শিশুর গায়ে হাত দিয়েছেন। একজন নারী পুলিশ কর্মকর্তা ওই শিশুর সঙ্গে কথা বলেছেন। শাহ আলম তাকে ধর্ষণ করেছেন। মেয়েটি এখনো অসুস্থ। মামলার কারণে মেডিকেল পরীক্ষাও হয়েছে। আর ধর্ষণের বিষয়টি মীমাংসার সময় ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তার উপস্থিত থাকাটা সঠিক নয়।’
শাহ আলমের চাচাতো ভাই পরিচয় দিয়ে মো. শাহীন বলেন, পুলিশকে চাঁদা না দেওয়ার কারণে শাহ আলমকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। মামলা করার পর থেকেই পুলিশের ভয়ে তাঁরা সবাই পালিয়ে আছেন বলে দাবি করেন শাহীন।
চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে নারুলি ফাঁড়ির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। আদালতের মাধ্যমেই বিষয়টি জানা যাবে।’