পুলিশের বিরুদ্ধে থানার ভেতরে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভেতরে পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্ত করে গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বৈরাটি গ্রামের আজহারুল ইসলামকে (৩০) মাদক ব্যবসায়ী সন্দেহে মাইজবাগ বাজার থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ঈশ্বরগঞ্জ থানার এসআই নুর ই কাশেম এই অভিযানে নেতৃত্ব দেন।
আজহারুলের বড় ভাই মো. সাইফুল ইসলাম বলেন, থানায় নেওয়ার পর তাঁর ভাই আজহারুলকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। কোনো অভিযোগ দাঁড় করাতে না পেরে পুলিশ তাঁকে ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায়।
এসআই নুর ই কাশেম বলেন, মারধরের অভিযোগ সত্য নয়।
এসপি সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।