পুলিশের বিরুদ্ধে দিনমজুরকে পিটিয়ে জখম করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর পুলিশ ফাঁড়ির দুই সদস্যের বিরুদ্ধে স্থানীয় এক দিনমজুরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আবদুল মালেক নামের ওই ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গতকাল শুক্রবার তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবদুল মালেকের বাড়ি উপজেলার সাব্দারপুর গ্রামে। তিনি কৃষিখেতে দিনমজুরের কাজ করেন। যশোর সদর হাসপাতালে বাবার শয্যাপাশে থাকা শাহনাজ পারভিন বলেন, ‘সাব্দারপুর ট্রেন লাইনের পাশে আমাদের বাড়ি। কৃষিকাজের পাশাপাশি বাবা ট্রেন লাইনের ধারে গোখাদ্য (ঘাস) বিক্রি করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবা বাড়ি থেকে বেরিয়ে গোখাদ্য দেখতে যান। পথে সাব্দারপুর পুলিশ ফাঁড়ির দুই সদস্য বাবার চোখে টর্চলাইটের আলো ফেলেন। প্রতিবাদ করলে ওই দুই পুলিশ সদস্য তাঁকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। চিৎকার শুনে আমি এগিয়ে যাই। প্রতিবাদ জানালে লুঙ্গি পরা ওই দুই পুলিশ আমার দিকেও তেড়ে আসে। একপর্যায়ে বাবা মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা চলে যায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’  

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বনি আমিন বলেন, ‘রোগীর (মালেক) বাম পায়ে ও ঊরুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাঁর হার্টের সমস্যা রয়েছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঘটনার সময় মালেকের সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, যে দুই পুলিশ সদস্য এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরা সাদাপোশাকে ছিলেন। মালেক তাঁদের চিনতে পারেননি। পুলিশ সদস্যরা মারধর করায় তাঁরা চুপ করে থেকেছেন। কিছুই করতে পারেননি।

এ ব্যাপারে জানতে চাইলে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা মুঠোফোনে বলেন, ‘ঘটনার সময় পুলিশের দুই সদস্য ওই এলাকায় দায়িত্বরত ছিলেন। তাঁদের সঙ্গে আবদুল মালেকের ভুল-বোঝাবুঝি হয়। মালেক হার্টের রোগী। এ কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে মারপিটের কোনো ঘটনা ঘটেনি।’