পুলিশের বিরুদ্ধে দুই নারীকে লাঠিপেটা করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার যোগীপাড়া (ভাগনদী) তদন্তকেন্দ্রের পুলিশের বিরুদ্ধে তিন নারীকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। বিবদমান জমিতে প্রাচীর নির্মাণের দায়ে পুলিশ তাঁদের ওপর হামলা চালায়।
তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, নারীরাই তাদের ওপর চড়াও হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শুক্রবার সকালে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের তালঘরিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিবদমান জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এতে প্রতিপক্ষ একই গ্রামের আবুল হোসেন যোগীপাড়া (ভাগনদী) পুলিশ কেন্দ্রে মৌখিক অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ১০টার দিকে তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদুল আলম, এএসআই আকবর আলী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ ওই জমিতে প্রাচীর নির্মাণ না করার জন্য নির্দেশ দেন। এ নিয়ে আবদুর রাজ্জাকের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ক্ষুব্ধ হয়ে রাজ্জাককে চড়থাপড় মারে। এ সময় তাঁর স্ত্রী শরিফা বেগম (৪২) ও মা আনোয়ারা বেগম (৬৪) বাধা দিলে পুলিশ লাঠি দিয়ে তাঁদের পেটায়।
পুলিশের লাঠিপেটার দৃশ্য মুঠোফোনে ধারণ করার সময় পুলিশ রাজ্জাকের মেয়ে সেনাসদস্যের স্ত্রী লাকী খাতুনকেও (২৫) লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়। পুলিশের লাঠিপেটায় তাঁরা আহত হয়েছেন।
শরিফা বেগম অভিযোগ করেন, পুলিশ প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কারণ ছাড়াই তাঁদের ওপর হামলা চালিয়েছে। সেনাসদস্যের স্ত্রী লাকী খাতুন জানান, লাঠিপেটার দৃশ্য মুঠোফোনে ধারণ করার সময় পুলিশ তাঁকে লাঞ্ছিত করেছে। মুঠোফোন কেড়ে নিলেও পরে পরিচয় পাওয়ার পর ফেরত দিয়েছে। বিষয়টি থানার ওসি জানালেও তিনি তা আমলে নেননি বলে অভিযোগ করেন।
তবে বিকেলে ওসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদুল আলম নারীদের লাঠিপেটা করার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত থাকতে বললে এক নারী তাদের ওপর চড়াও হয়।