পুলিশের বিরুদ্ধে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ফাতেমা বেগম l ছবি: প্রথম আলো
স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ফাতেমা বেগম l ছবি: প্রথম আলো

নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে মোহাম্মদ আলী নামের এক মুদিদোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনেরা। গতকাল বুধবার দুপুরে বেলাব উপজেলার মাটিয়ালপাড়া (বাগানবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

তবে পুলিশ মোহাম্মদ আলীকে মাদক ব্যবসায়ী দাবি করে বলেছে, গ্রেপ্তারের পর পথেই অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদ আলী (৩০) মাটিয়ালপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। পরিবারের অভিযোগ, ডিবির সদস্যরা তাঁকে রড দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে বুকে আঘাত করে গুরুতর আহত করেন। এতে তিনি মারা যান।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদ আলীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ আলী মুদি ব্যবসার পাশাপাশি বেলাব-হাতিরদিয়া সড়কের সিএনজি-অটোরিকশা সমিতির সুপারভাইজার ও মুঠোফোন টাওয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

মোহাম্মদ আলী মাদক বিক্রি করেন, এমন অভিযোগে গতকাল বেলা প্রায় দুইটায় ডিবির উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার তাঁর দোকানে অভিযান চালান। তখন মাদক বিক্রির কথা অস্বীকার করলে মোহাম্মদ আলীকে মুঠোফোন টাওয়ারের সীমানাপ্রাচীরের ভেতরে নিয়ে রড ও ও ইট দিয়ে আঘাত করা হয়। পরে তাঁকে সেখান থেকে বেলাব থানায় নিয়ে ১০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে মর্মে মামলা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন বলেন, বেলা তিনটায় গুরুতর অবস্থায় মোহাম্মদ আলীকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলাব বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন।

নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শামছুর রহমান প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলীকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অক্সিজেন লাগিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে তাঁর একটি ইসিজি করা হয়। পরে বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের পর বলা যাবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে।

বেলাব-হাতিরদিয়া সড়কের সিএনজি-অটোরিকশা স্টেশনের সড়ক পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদ আলীকে পুলিশ টাওয়ারের ভিতরে নিয়া গেইট লাগাইয়া দিছে। পরে রড দিয়া পিটাইছে আর ইট দিয়া বুকে মারছে। এর জন্যই সে মারা গেছে। সে কোনো মাদক ব্যবসা করত না।’

মোহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘পুলিশ আওয়ার লগে লগে আমরা গেছি। হেরা টাওয়ারের গেইট লাগাইয়া হেরে পিটাইয়া মাইরা ফালাইছে। হেই কোনো বড়ির (ইয়াবা) ব্যবসা করত না।’

এসআই খোকন চন্দ্র সরকার বলেন, মোহাম্মদ আলী একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকের একটি মামলা ছিল। তাঁকে মারধর করা হয়নি।

মোহাম্মদ আলীর কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে দাবি করে এসআই খোকন চন্দ্র বলেন, বেলাব থানায় মামলা করে নরসিংদী নিয়ে আসার পথে মরজাল এলাকায় তিনি অসুস্থ হন। পরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারের সময় মোহাম্মদ আলী সুস্থ ছিলেন। পরে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।