পুলিশের বিরুদ্ধে নারী যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ
নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রেলওয়ের দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারী যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ট্রেনের ভেতর গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর ভাইয়ের কাছ থেকে এ বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ওই ট্রেনে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন।
ওই দুই পুলিশ সদস্য হলেন আবদুস সাত্তার ও মো. হাবিব। তাঁরা সৈয়দপুর জিআরপি থানায় কর্মরত।
ওই যাত্রীর পরিবার সূত্রে জানা যায়, তিনি (নারী যাত্রী) শনিবার সকালে সান্তাহার জংশন থেকে রাজশাহীগামী বরেন্দ্র আন্তনগর ট্রেনের টিকিট কাটেন। সকাল ১০টার দিকে ট্রেনটি স্টেশনে আসার পর তিনি তাঁর নির্ধারিত আসনে বসেন। স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর সাত্তার ও হাবিব ওই কামরায় ওঠেন। তাঁরা ওই কামরায় দাঁড়িয়ে থাকা দুই যাত্রীর কাছ থেকে টাকা নেন। পরে তাঁরা ওই নারী যাত্রীকে আসন ছেড়ে দিতে বলেন। আসন থেকে না উঠায় ওই দুই পুলিশ সদস্য তাঁকে টেনেহিঁচড়ে আসন থেকে তুলে দেন। পরে তিনি মুঠোফোনে বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানান।
ওই যাত্রীর বড় ভাই বিষয়টি সান্তাহার জিআরপি থানা ও ট্রেনে কর্তব্যরত এসআই এমরান হোসেনকে জানান। যাত্রীর বড় ভাই গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি শিগগিরই সৈয়দপুর জিআরপি থানায় লিখিত অভিযোগ করবেন।
এ ব্যাপারে এসআই এমরান হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই নারী যাত্রীর ভাইয়ের কাছ থেকে এ সম্পর্কে জেনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।