পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া থানার এক উপপরিদর্শক কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের লোকজনকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসীকে হয়রানি বন্ধ করতে গতকাল সোমবার সকালে উপজেলার জামালপুর গ্রামে শত শত গ্রামবাসী বিক্ষোভ করেছে।
এ ছাড়া গ্রামবাসী গতকাল গাজীপুর পুলিশ সুপারের কাছে গণস্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ দায়ের করে।
গ্রামবাসীর অভিযোগে জানা গেছে, কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান একটি মোটরসাইকেল চুরির ঘটনায় গত ২৯ এপ্রিল সামসুদ্দিনের ছেলে ইউনুস আলীকে (২২) আটক করে। তাঁর বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। ওই ঘটনার পর থেকে এসআই শাহজাহান মিয়া একটি মাইক্রোবাস নিয়ে সাদা পোশাকে গত চার দিনে কালীগঞ্জের জামালপুর এলাকা থেকে পাঁচ কিশোরকে আটক করেন। আটককৃতরা হলো: উত্তর জামালপুর গ্রামের হাছেন আলীর ছেলে ইলিয়াস হোসেন (১৬), ফজলুল হকের ছেলে শাহিন (১৭), আলামিন খন্দকারের ছেলে আশিক খন্দকার (১৫), মো. হেলাল হোসেনের ছেলে আলম হোসেন (১৬) ও আয়েব আলীর ছেলে আলমগীর হোসেন (১৭)।
এলাকাবাসীর দাবি, এরা সবাই গ্রামের খেটে খাওয়া নিরীহ মানুষের সন্তান। তবে এদের অপরাধ, তারা এলাকার পেশাদার চোর ইউনুসকে চুরির দায়ে মারধর করেছিল। পরে ওই এসআই আটককৃতদের কাপাসিয়া থানায় নিয়ে যায়। পরে তাদের অভিভাবকদের খবর দিয়ে তাদের ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে মোটরসাইকেল চুক্তির মামলায় চালান দেওয়ারও ভয়ভীতি দেখিয়েছেন। পুলিশের ভয়ে আটক ইলিয়াস, শাহিন ও আলমকে তার অভিভাবকেরা দারোগা শাহজাহানকে ৫০ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে আনেন।
আশিকের বাবা ভ্যানচালক আলামিন জানান, তার ছেলেকে ধরে নিয়ে যাওয়ার পর এসআই শাহজাহানের পা ধরে কান্নাকাটি করেন। তার পরও তাঁর ছেলেকে ছেড়ে না দিয়ে ওই এসআই বলেন, ‘ছেলেকে ছাড়িয়ে নিতে হলে ২৫ হাজার টাকা লাগবে। টাকা নিয়ে আসো আর ছেলেকে নিয়ে যাও।’
কিন্তু পুলিশের চাহিদামতো টাকা দিতে না পারায় ওই ভ্যানচালকের ছেলেকে চুরির ঘটনায় মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছেন।
আলমগীর হোসেনের চাচা মোমেন সরকার জানান, গত রোববার বিকেলে এসআই শাহজাহান তাঁর ভাতিজা আলমগীরকে ধরে নিয়ে যান এবং কাপাসিয়ার আক্তার সুপার মার্কেট ইসলামিয়া মোটরস থেকে কিস্তিতে সম্প্রতি ক্রয় করা মোটরসাইকেলটি জব্দ করে কাপাসিয়া থানায় নিয়ে যান। এ সময় তাঁকে মোটরসাইকেলের বৈধ মালিকানার কাগজপত্র দেখালে তিনি মাটিতে ছুড়ে ফেলেন।
গতকাল সোমবার সকালে কাপাসিয়া থানার এসআই শাহজাহান ফের কালীগঞ্জের জামালপুর এলাকায় গিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি দেখান। পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশের গ্রেপ্তার-বাণিজ্য ও হয়রানি বন্ধ করার দাবিতে গতকাল সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে শত শত গ্রামবাসী জড়ো হয়ে বিক্ষোভ করে। গ্রামবাসীর বিক্ষোভের সময় ওই এসআই ওই গ্রাম থেকে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। পরে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলমের সহযোগিতায় কালীগঞ্জ থানা-পুলিশ গ্রামবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে গ্রামবাসী গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদের কাছে গণস্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ব্যাপারে এসআই মো. শাহজাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি স্যারের সঙ্গে ব্যস্ত আছি, পরে আপনাকে ফোন দেব।’ এই বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। প্রায় এক ঘণ্টা পর ফের তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি আর ফোন ধরেননি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, গ্রামবাসী বিক্ষোভ করলে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।