পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে নির্যাতন ও টাকা আদায় করার অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার ওই ব্যবসায়ী নগরের ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হকের বিরুদ্ধে নগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
বন্দর থানাধীন কলসিদিঘীর পাড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সোলায়মান লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সাদাপোশাকধারী চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর বাসায় যান। জরুরি কথা আছে বলে তাঁরা মোটরসাইকেলে করে তাঁকে ইপিজেডের পশ্চিমে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে এএসআই এমদাদ তাঁকে বলেন, ‘তিন লাখ টাকা দিবি, নইলে ক্রসফায়ারে দেব।’ ঘণ্টা খানেক পর তাঁকে ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়। পরে ১৫ হাজার টাকা নিয়ে রাত সাড়ে ১১টায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই টাকা তাঁর এক আত্মীয় থানায় নিয়ে যান।
গতকাল দুপুরে ব্যবসায়ী সোলায়মান প্রথম আলোকে বলেন, ‘চারজনের একজন নিজেকে এসআই মাসুদ হিসেবে পরিচয় দেন। তাঁর সঙ্গে থাকা তিনজন যুবক আমাকে মারধর করে।’ তিনি বলেন, তুলে নিয়ে যাওয়ার বিষয়টি পরিবারের পক্ষে তাঁর মামা মিনহাজুল আবেদীনকে জানানো হয়। তিনি বিষয়টি সহকারী পুলিশ কমিশনার (বন্দর) জাহিদুল ইসলামকে জানান। এরপর তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
ব্যবসায়ী বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী পুলিশের শাস্তি চান তিনি। যাতে ভবিষ্যতে কেউ নির্যাতনের শিকার না হন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইপিজেড থানার এএসআই এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘ইয়াবা-সংক্রান্ত একটি তথ্য পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য সোলায়মানের সঙ্গে কথা বলেছি। তাঁর কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।’
ইপিজেড থানার পুলিশ বন্দর থানা এলাকায় গিয়ে কোনো মামলা কিংবা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক করে থানায় নিয়ে আসতে পারে কি না, জানতে চাইলে এমদাদুল হক বলেন, ‘আটক করিনি, জিজ্ঞাসাবাদ করেছি। থানায় এনে ছেড়ে দিয়েছি।’ ওই ব্যবসায়ীকে ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সোলায়মানের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তাঁকে আটক করে নির্যাতন এবং টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলে অবশ্যই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ব্যবসায়ী সোলায়মানকে পুলিশ ধরে নিয়ে গেছে জানিয়ে তাঁর এক আত্মীয় ফোন করেন। কোনো অভিযোগ, মামলা না থাকলে ওই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বলেন তিনি। ব্যবসায়ীকে নির্যাতন ও তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার।