পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক মামলার আসামির বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় পুলিশ উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন কমল নাথ নামের এক ব্যবসায়ী। তাঁর দাবি, সাক্ষ্য দেওয়ায় আসামিপক্ষ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশ আসামিপক্ষের হয়ে কাজ করছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কমল নাথ।
লিখিত বক্তব্যে কমল নাথ জানান, ২০১১ সালে নগরের হাজারী লেনে শাপলা বিতান মার্কেটের তৃতীয় তলা থেকে ইয়াবা বড়িসহ অশোক বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ভবনে অশোকের ব্যবসায়িক কার্যালয় রয়েছে। ভবনটি কমল নাথের পৈতৃক ভবন এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানও ওই ভবনে। ইয়াবা বড়িসহ ধরার পর অশোকের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা হয়। মামলায় কমলকে সাক্ষী করা হয়। মামলাটি এখন বিচারাধীন।
সংবাদ সম্মেলনে কমল নাথ জানান, গত বছরের আগস্টে তিনি অশোকের বিরুদ্ধে মামলায় সাক্ষী দেন। এরপর অশোক তাঁকে প্রাণনাশের ও তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় গত বছরের ১৪ অক্টোবর সাধারণ ডায়েরি (জিডি) করেন। হুমকির ঘটনা তদন্তের দায়িত্ব পড়ে থানার উপপরিদর্শক (এসআই) শিবু চন্দ্রের ওপর। ৬ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে আরেকটি প্রতিবেদন দাখিল করেন, যেটিতে উল্লেখ আছে ঘটনার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। অশোক বিশ্বাসকে আড়াল করার জন্যই এ ধরনের প্রতিবেদন দেওয়া হয়েছে বলে দাবি করেন কমল নাথ।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা শিবু চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘তদন্তে হুমকি দেওয়ার অভিযোগের সত্যতা পাইনি। আদালতে যে প্রতিবেদন জমা দিয়েছি, সেটিই প্রকৃত প্রতিবেদন।’