পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করার অভিযোগ

খুলনায় যখন মাদকের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে, তখন পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে। যাঁরা মাদকের বিরুদ্ধে কাজ করছেন, তাঁদের নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে নগরের ফেরিঘাট দেবেনবাবু রোড আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক প্রতিরোধ কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, দেবেনবাবু রোড এলাকা মাদকের অভয়াশ্রমে পরিণত হয়েছিল। এ কারণে এই এলাকায় অপরাধপ্রবণতা অনেক বেড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে নাজেহাল হতে হতো। এ থেকে পরিত্রাণ পেতে চলতি বছরের জানুয়ারি মাসে ফেরিঘাট জিন্নাহ মসজিদের মুসল্লিদের নিয়ে মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি করা হয়। ওই কমিটি আন্দোলন করে এলাকার মাদক ব্যবসায়ীদের উৎখাত করে। কিন্তু আন্দোলনের সময় পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
উৎখাত হওয়া মাদক ব্যবসায়ীরা সোনাডাঙ্গা পুলিশের সহায়তায় কমিটির বিভিন্ন সদস্যদের নামে মামলা করছেন বলে জানান আবুল কালাম আজাদ। এ কাজে ওই থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেনসহ তিন-চারজন উপপরিদর্শক জড়িত বলে তিনি অভিযোগ করেন। আবুল কালাম আজাদ আরও বলেন, ইব্রাহিম মাদক ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে মাদকবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করতে উৎসাহিত করছেন। এরই মধ্যে এক মাদক ব্যবসায়ী কমিটির পাঁচ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা করেছেন। মামলা থানায় যাওয়ার আগেই কমিটির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্ত হয়েছেন। তা ছাড়া মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ২২ মার্চ কমিটির তিন সদস্যের ওপর হামলা চালান। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করা হচ্ছে, এটা মিথ্যা কথা। মাদক প্রতিরোধ কমিটির সঙ্গে পুলিশের কিছুটা ভুল-বোঝাবুঝি হয়েছে। যেদিন আদালতে কমিটির সদস্যদের নামে মামলা হয় ওই দিনই পুলিশের কাছে খবর আসে দেবেনবাবু রোড এলাকায় ভাঙচুর হচ্ছে। পুলিশ এলাকায় গিয়ে ওই মামলার ১ নম্বর আসামিকে পেয়ে ধরে নিয়ে আসে। আদালতের নির্দেশে মামলা হলে পুলিশ সাধারণত এটা করে থাকে।
মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা কেউ এলাকায় নেই। এ কারণে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।