প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ারী থানায় নির্যাতনের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আইনজীবী মোস্তফা কামাল এ মামলা করেন। মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় ওয়ারী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলিম শিকদার ও এএসআই সফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ২১ নভেম্বর রাজধানী সুপার মার্কেটের সামনে পুলিশ মোস্তফা কামালের পথ রোধ করে। ওই পুলিশ সদস্য তাঁকে বলেন, ‘আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।’ পরে থানায় নিয়ে গিয়ে জানানো হয়, ‘আপনার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।’ বাদী আইনজীবী পরিচয় দিয়ে পরোয়ানা কপি দেখতে চাইলে তাঁকে থানার ভেতরে নিয়ে মারধর করা হয়।