পুলিশের বিরুদ্ধে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজপাড়া গ্রামের মোশারফ হোসেন (৩০) নামের এক যুবককে পুলিশ গত বুধবার তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ছেলের সন্ধান চেয়ে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে ওই অভিযোগ করেন মোশারফ হোসেনের মা মনোয়ারা বেগম।
তবে পুলিশের দাবি, তারা মোশারফকে তুলে নেয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনোয়ারা বলেন, সুন্দরগঞ্জ থানার পুলিশ কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বুধবার মোশারফকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। পাঁচ দিন পেরিয়ে গেলেও তাঁরা ছেলের সন্ধান পাচ্ছেন না। এমনকি তাঁকে (মোশারফ) আদালতেও হাজির করা হয়নি। বিষয়টি অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে তারাও কোনো সন্ধান দিতে পারেনি। তাঁর ছেলে মোশারফ কোনো অপরাধ করে থাকলে তাঁকে অবিলম্বে আদালতে হাজির করা হোক। অন্যথায় ছেলের কোনো ক্ষতি হলে সেই দায়ভার সরকারকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোশারফ হোসেনের স্ত্রী ইসমত আরা ও ছোট ভাই মশিউর রহমান।
মোশারফের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মোশারফের বাবা শরিয়ত উল্লাহ কৃষক। চার ভাই ও এক বোনের মধ্যে মোশারফ সবার বড়। দ্বিতীয় ভাই মশিউর রহমান অনার্সে পড়ে। তৃতীয় ভাই মাজহারুল ইসলাম এবার এইচএসসি পরীক্ষার্থী। ছোট ভাই মাহবুর অষ্টম ও একমাত্র বোন সাদিয়া তৃতীয় শ্রেণিতে পড়ে। মোশারফ কামিল পাস করে বিয়ে করেন। তিনি এক ছেলের জনক। এখনো চাকরি পাননি।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মোশারফ নামের কেউ থানায় নেই। আমরা তাঁকে নিয়ে আসিনি। তাঁর নিখোঁজ হওয়ার তথ্য আমার জানা নেই। তাঁর পক্ষে কেউ জিডি করতে আসেননি।’