পুলিশের বিরুদ্ধে যুবককে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুর থানা-পুলিশের বিরুদ্ধে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে শাহ জামাল ওরফে শাহজালাল (৩১) নামের ওই যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, পুলিশ শাহজালালের দুই চোখ উপড়ে ফেলেছে। পুলিশ বলেছে, শাহজালাল এক নারীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময় জনতা তাঁকে হাতেনাতে ধরে পিটুনি দেয় এবং চোখ তুলে ফেলে পুলিশে সোপর্দ করে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, নগরের গোয়ালখালী বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এক নারীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। এরপর তাঁকে কয়েক দফা পিটুনি দেওয়া হয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজালাল পিরোজপুর জেলার কাউখালী থানার সুজিতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি কাউখালী বাজারে সবজির ব্যবসা করেন। খুলনায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন বলে তাঁর পরিবার জানায়।

এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফ হোসেন বলেন, সোমা নামে এক নারী শহীদ শেখ আবু নাসের হাসপাতালে তাঁর অসুস্থ বাবার খাবার পৌঁছে দিয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। গোয়ালখালী বাসস্ট্যান্ডের কাছে একটি মোটরসাইকেলে থাকা দুজন ছিনতাইকারী তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের একজন মোটরসাইকেল থেকে পড়ে যান। ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে পড়ে যাওয়া ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে তাঁকে পিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গণপিটুনির সময় ওই ছিনতাইকারীর চোখ উপড়ে ফেলে উত্তেজিত জনতা।

কেএমপির এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ছিনতাইয়ের অভিযোগে শাহজালালের বিরুদ্ধে খালিশপুর থানায় গতকাল বুধবার মামলা করেছেন সোমা। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

তবে শাহজালালের স্ত্রী রাহেলা বেগম গতকাল দুপুরে প্রথম আলোর কাছে দাবি করেন, মঙ্গলবার রাত আটটার দিকে বাসা থেকে বের হন শাহজালাল। এরপর পুলিশ তাঁকে ছিনতাইকারী সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় বলে স্থানীয় কয়েকজন তাঁকে জানায়। রাত নয়টার দিকে খাবার নিয়ে থানায় গেলেও পুলিশ তখন স্বামীর সঙ্গে দেখা করতে দেয়নি। তিনি সেখানে বসে থাকা অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে থানা থেকে শাহজালালকে বের করে নিয়ে যাওয়া হয়। সে সময় শাহজালালের চোখ স্বাভাবিক ছিল। সকালে থানায় গিয়ে তিনি শোনেন তাঁর স্বামী খুলনা মেডিকেলে ভর্তি আছেন।

শাহজালালের বাবা জাকির হোসেন বলেন, স্ত্রীকে কাউখালী নিয়ে যেতে ১২ জুলাই শ্বশুরবাড়ি খুলনায় আসেন শাহজালাল। তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই।

 খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৯-১০ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার কাজী মেহরান উদ্দীন আহমেদ বলেন, রাত তিনটার দিকে যখন শাহজালালকে ভর্তি করা হয়, তখন ইন্টার্ন চিকিৎসকেরা দায়িত্বে ছিলেন। দুচোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ার তাঁরা তাৎক্ষণিকভাবে রক্ত বন্ধের চেষ্টা করেন। তবু সকাল পর্যন্ত রক্তক্ষরণ হতেই থাকে। এ কারণে চোখের ভেতরের প্রকৃত অবস্থা দেখা সম্ভব হয়নি। হাসপাতালে চোখের অস্ত্রোপচারের আধুনিক যন্ত্রপাতি না থাকায় সকালেই তাঁকে ঢাকায় পাঠাতে বলা হয়েছে।