পুলিশের বিরুদ্ধে যুবদল কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার লতিফপুর গ্রামে যুবদল কর্মী মো. রনিকে (৩২) আটকের পর পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রনির বাবা মকবুল আহমদের ভাষ্য, ‘আমার ছেলে রনির বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। সে একজন ব্যবসায়ী। তানহা ইঞ্জিনিয়ারিং ও রনি ইঞ্জিনিয়ারিংয়ের মালিক। যুবদল করার কারণে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশ বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে।’
মকবুল অভিযোগ করেন, গতকাল বিকেলে পুলিশ লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ সীমান্তবর্তী কন্ট্রাক্টর ব্রিজ এলাকা থেকে রনিকে আটক করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তাঁর দুই চোখ বেঁধে পুলিশ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। রাতে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকানের পাশে পায়ে গুলি করে পুলিশ রনিকে হত্যা করে।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের ভাষ্য, বিকেলে চন্দ্রগঞ্জের কন্ট্রাক্টর ব্রিজ এলাকা থেকে যুবদল কর্মী রনিকে পুলিশ আটক করে। পরে রাতে লতিফপুর এলাকায় নিয়ে পুলিশ পায়ে গুলি করে তাঁকে হত্যা করে। ‘বন্দুকযুদ্ধের’ কোনো ঘটনা ঘটেনি। ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. জয়নাল আবদীনের ভাষ্য, গতকাল রাত ১২টার দিকে রনিকে পুলিশ জরুরি বিভাগে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন। রনির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের দাবি, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোলাইমান উদ্দিন জিসান বাহিনীর জিসানকে ধরতে রাতে ওই এলাকায় অভিযান হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা প্রায় ২১টি গুলি ছোড়ে। এতে সন্ত্রাসী জিসান বাহিনীর সহযোগী রনি নামের একজন নিহত হন। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলী, ইব্রাহিম শেখ ও পরেশ কান্তি দেবনাথ আহত হন।