পুলিশের বিরুদ্ধে যৌনকর্মীদের হয়রানির অভিযোগ
পুলিশি নির্যাতন ও হয়রানির প্রতিবাদে যশোর প্রেসক্লাবে গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন যৌনকর্মীরা।
সংবাদ সম্মেলনে এক যৌনকর্মী বলেন, ‘আমাদের কাছে নতুন কোনো মেয়ে এলে, তাকে প্রথমে যশোর কোতোয়ালি থানার সদর ফাঁড়িতে নিতে হয়। তারা রাখার অনুমতি দিলেই আমরা তাকে রাখতে পারি। এ জন্য পুলিশকে ৫০-৬০ হাজার টাকা দিতে হয়। এ ছাড়া প্রত্যেক যৌনকর্মীকে মাসে ২০-৩০ হাজার টাকা করে পুলিশকে দিতে হয়। এ নিয়ে কিছু বলতে গেলেই আমরা মামলার আসামি হই।’
ওই যৌনকর্মী আরও বলেন, যৌনপল্লির এক প্রহরী ও তাঁর স্ত্রী তাঁদের ঘরে এক মেয়েকে রাখতেন। মেয়েটির পরিবার তাঁর সন্ধান পেয়ে র্যাবের কাছে অভিযোগ করেন। র্যাবের অভিযানে ওই মেয়ে উদ্ধার হয়। এরপর ঝিনাইদহ সদর থানায় সম্প্রতি বদলি হওয়া শহর উপপরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম গত ২৯ অক্টোবর যশোরে এসে তাঁকেসহ আরেক যৌনকর্মীকে ডেকে পাঠান। তাঁদের কাছে রফিকুল তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। না দিলে তাঁদের ওই মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল বলেন, ‘আমাকে হেয় করতে এ অভিযোগ তোলা হয়েছে।’
সহকারী পুলিশ সুপার (সদর) শাফিন মাহমুদ বলেন, ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে কেউ টাকা নেওয়ার অভিযোগ দেননি।