পুলিশের বিরুদ্ধে স্ত্রী 'নির্যাতনে'র অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা ওই গৃহবধূ অপ্রাপ্তবয়স্ক বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম মো. ওয়ারেছ। তিনি বরিশালের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই)। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কাউনিয়ার একটি বাড়ি থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে উদ্ধার করা হয়।

নির্যাতনের শিকার ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী প্রথম আলোকে জানায়, বিয়ের পর থেকেই তার ওপর নির্যাতন শুরু করেন ওয়ারেছ। কারণে-অকারণে তাকে মারধর করতেন। বিষয়গুলো কাউকে জানালে ওই পুলিশ কর্মকর্তা প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন বলেও দাবি করে সে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়ক আইনজীবী মুনীরা বেগম আজ রাত নয়টায় প্রথম আলোকে জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় ওই মেয়েকে জোর করে বিয়ে করেন ওয়ারেছ। বর্তমানে তার বয়স ১৪ বছর হবে।

মুনীরা বেগম আরও জানান, বিয়ের পর ওয়ারেছ শ্বশুরবাড়িতেই থাকতেন। একপর্যায়ে তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা জানতে পারেন, ওয়ারেছ রংপুর এবং বরিশালে আরও দুটি বিয়ে করেছেন। তখন তাঁকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রী। কিন্তু ওয়ারেছ তিন মাস আগে স্ত্রীকে জোর করে তাঁর কর্মস্থল কাউনিয়ায় একটি ভাড়া বাসায় নিয়ে আসেন। সেখানে এনে প্রথমে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন। এমনকি তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হতো। একপর্যায়ে মায়ের সঙ্গেও মেয়ের যোগাযোগ বন্ধ করে দেন ওয়ারেছ। এ ছাড়া প্রায়ই তার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। এসব ঘটনা পাশের বাসার এক ভাড়াটিয়া নারী টের পান। নির্যাতিতা মেয়েটি প্রতিবেশী ওই নারীকে গতকাল বুধবার তার মাকে সবকিছু জানানোর জন্য বলে।

গতকাল ওই মেয়ের মা লিখিতভাবে মহিলা আইনজীবী সমিতির কাছে অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে কাউনিয়া থানার সহকারী কমিশনার শাহনাজ পারভীনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি। পুলিশের উপস্থিতিতে ওই নারীকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কাউনিয়া থানার সহকারী কমিশনার শাহনাজ পারভীন প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে কাউনিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মো. ওয়ারেছ প্রথম আলোকে বলেন, স্ত্রীকে নির্যাতন করিনি। শুধু একটি থাপড় মেরেছি। তাঁকে প্রত্যাহার করা হয়েছে কি-না তিনি জানেন না বলেও জানান।